রোমেনা লেইস
বেত আর মূর্তার ঝোপে ঘেরা বাড়িটি। পাশ দিয়ে বয়ে গেছে কামারখালি খাল। পশ্চিমবাজারের কাছে সুরমানদীতে গিয়ে মিশেছে। সে বাড়ীর মেয়ে করিমুন্নেসা খাতুন। আব্বাস আলী তালুকদার ও নূরজাহান খাতুনের প্রথম সন্তান। করিমুন্নেসা খাতুনের জন্ম ১৯১৮ সালে সুনামগঞ্জে। তাঁর মা আর বাবার আগ্রহে পড়ালেখায় হাতেখড়ি হয় প্রথমে বাড়িতেই। পরে বিশেষ অনুমতি নিয়ে ছেলেদের সাথে বাড়ির পাশের মক্তবে। মুসলিম মেয়েরা পড়াশুনা করতে বের হয়নি তখনো। দশহাত শাড়ি পেঁচিয়ে আপাদমস্তক ঢাকা পুটুলীর মত মক্তবে যাওয়া শুরু করলেন। মক্তবের পড়া শেষ হয়ে গেল। কিভাবে প্রবেশিকা পাশ করাবেন এই চিন্তায় উনার বাবা মা জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের স্মরণাপন্ন হলেন। প্রচন্ড আগ্রহ নিয়ে পড়তেন তাই বাড়িতে বসে
জুবিলীর প্রশ্নে পরীক্ষা দিয়ে স্কুলের ছেলেদের চেয়ে ভাল ফলাফল করতেন। জুবিলী স্কুলের দুই শিক্ষক বাসায় এসে পড়াতেন। জুবিলীর প্রশ্নে বাড়িতেই প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা দিলেন। আশানুরূপ ফলাফল করায় শিক্ষকরা তাঁর জন্য নিবন্ধন করান। তিনি প্রবেশিকা পরীক্ষা দিবেন। ১৯৩৩ সাল, ,সুনামগঞ্জে তখন কেন্দ্র ছিল না, এমনকি ১৯৪০ পর্যন্ত সুনামগঞ্জে কোন পরীক্ষাকেন্দ্র ছিলো না। আলোচনা সাপেক্ষে ঠিক হলো সিলেট গিয়ে এক দূরসম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে পরীক্ষা দিবেন। সিলেট সুনামগঞ্জ কোন সড়ক যোগাযোগ তখনো ছিলো না। যোগাযোগের পথ ছিলো নৌপথই। বড় এক নৌকা ভাড়া করা হলো। সেই নৌকায় একমাসের চাল ,ডাল, তেল ,নুন সব নেয়া হলো। মোরগ কয়েকটা। ডিম, চিড়া,বিস্কুট, মুড়ি, আচার সবই নেয়া হলো। বইপত্র কাপড়চোপড়সহ নির্দিষ্ট দিনে সিলেটের পথে যাত্রা করলেন। পরীক্ষা চললো প্রায় পনেরো দিন, যেতে আসতে বারোদিন। সর্বমোট একমাসের সফর। ১৯৩৩ সালে প্রবেশিকা পাশ করলেন। আশার অতিরিক্ত ভাল ফলাফল করলেন।
উচ্চ মাধ্যমিক- ১৯৩৫ সালে পাশ করলেন। ১৯৩৭ সালে বিএ পরীক্ষায় অংশগ্রহণ করে দুই বিষয়ে পরীক্ষা দেয়ার পরে মারাত্মক অসুস্থ হয়ে আর পরীক্ষা দিতে পারেন নাই।
১৯৪০ সালে সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন ।
১৯৪৩ সালে আইনজীবী জনাব আবুল হোসেন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সুদীর্ঘ আটত্রিশ বছর এসসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করে ১৯৭৮ সালে চাকুরি থেকে অবসর গ্রহণ।
দক্ষতা
ঢাকার হোম ইকনমিক্স কলেজ থেকে রান্না বিষয়ে মিসেস ম্যাকেঞ্জি সহ অন্যান্য বিদেশী শিক্ষকদের কাছ থেকে একাধিক বার প্রশিক্ষণ গ্রহণ করেন। ফলে বিভিন্ন দেশী, বিদেশী রান্না, বেকিং, আচার, জেলি,মার্মালেড ,মোরব্বা ইত্যাদি তৈরী করায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। সেলাই এর প্রতি তাঁর বিশেষ ঝোঁক ছিলো। সেলাই এর প্রতিটি শাখা যেমন এ্যামব্রয়ডারি, কুরুশের কাজ, উলের কাজ সবগুলোতেই তিনি পারদর্শী ছিলেন। তাঁকে উলের কাজের ‘এনসাইক্লোপিডিয়া’ বলা হতো। সেই সময়ে শিলং এর একটি প্রতিষ্ঠান তাঁর সেলাই এর কাজ পরীক্ষা করে তাঁকে নিডল ওয়ার্ক ডিপ্লোমা প্রদান করে। বই পড়া তাঁর অন্যতম বিনোদন ছিলো। একটা সময়ে তাঁর ছেলে মেয়েদের সবাই যখন ঢাকায় অথবা বিদেশে অবস্থানরত, তখন নিরিবিলি বাড়ীতে বইই ছিলো তাঁর একমাত্র সঙ্গী। হার্টএ্যটাকে তাঁর মৃত্যু হয়। এ্যটাকের পূর্ব মুহূর্তেও তিনি বঙ্কিমের বই পাঠরত ছিলেন। তাঁর সন্তানেরা সকলেই উচ্চ শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। দুই পুত্র এবং তিন কন্যা। ১। মেজর (অবঃ) ইকবাল হোসেন চৌধুরী ঢাকা. বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শেষ পর্বে পাঠকালীন অবস্থায় সেনাবাহীনিতে যোগ দেন । পরবর্তীতে রাজনীতিতে যোগদান করে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী এবং ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২। সোহেলা বেগম – অল্প বয়সে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। ৩। দিলারা হাফিজ – (ইতিহাসে অনার্স, এমএ, ঢা. বি ) এডুকেশন ক্যাডারে যোগ দিয়ে সর্ব শেষে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক হিসাবে অবসর নেন। ৪। মাহবুব হোসেন চৌধুরী (একাউন্টেন্সি তে অনার্স, মাস্টার্স,ঢা. বি ) লন্ডন থেকে চার্টার্ড একাউন্টেন্সি পাশ করে কানাডায় স্থায়ী হন।
৫। মিনারা হক-( ফিলোসফি তে অনার্স মাস্টার্স.,ঢা. বি ) ইয়ুথ মিনিষ্ট্রিতে ডিরেক্টর হিসাবে যোগদান করেন ,কিন্তু স্বামীর বদলির চাকুরির জন্য শেষ পর্য্যন্ত চাকুরি ছেড়ে দেন।
সুনামগঞ্জ শহরে থেকে সন্তানদের সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলেছেন। ১৯৮৩ সালে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি তৎকালীন গোড়া, পশ্চাৎপদ মুসলিম সমাজের ভ্রƒকুটি উপেক্ষা করে নিজেকে এবং সেই সঙ্গে তাঁর পরবর্তী প্রজন্মকে আলোর পথে টেনে নিয়ে গেছেন। এ ব্যাপারে অবশ্য তাঁর মা নুরজাহান খাতুন এবং বাবা জনাব আব্বাস আলী তালুকদার দৃঢ় ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রচন্ড বিদ্যুৎসাহী ছিলেন তাই কোন বাধাই তাঁকে পরাভূত করতে পারেনি। তিনি ছিলেন সুনামগঞ্জের প্রথম এবং সম্ভবতঃ সিলেটের তৃতীয় মুসলিম মহিলা ম্যাট্রিকুলেট। সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম এবং বহুদিন যাবত একমাত্র মুসলিম মহিলা শিক্ষক।
র্
- বর্তমান ঐতিহাসিক স্থানেই শহীদ মিনার ও স্মৃতিসৌধ নির্মাণ করা হোক
- যুক্তরাজ্য প্রবাসি নেতা জগন্নাথপুরের ছানু মিয়া আর নেই


