সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের অহংকার (৪)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
‘সেই ধন্য নরকূলে লোকে যারে নাহি ভুলে
মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।’
মুসলিম নারীরা পর্দাকে মেনে চলতে বাধ্য- কুসংস্কার আর অজ্ঞানতার অচলায়তনকে মেনে নিয়েই পথচলা, সেই অনগ্রসর সমাজের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জ্ঞানের  দীপশিখাটি উজ্জ্বল থেকে উজ্জ্বলতম মশাল রূপ ধারণ করে বছরের পর বছর নব নব শিখা প্রজ্জোলন করে সমাজকে অজ্ঞানতা ও কুসংস্কারমুক্ত এবং উন্নত চিন্তা-চেতনায় নারীদের অগ্রসর করতে স্বভূমিকায় অবতীর্ণ ছিলেন, যিনি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে একটানা দশ (১৯৬৮ – ১৯৭৮) বৎসর প্রধান শিক্ষিকা
হিসেবে দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট ছিলেন তিনি সবার প্রিয় প্রধান শিক্ষিকা প্রয়াত মাহতাবুন্নেসা খাতুন। তাঁকে নিয়ে আজকের ‘আমাদের অহংকার।’ পূণ্যভূমি সিলেট শহরে তাঁর জন্ম ১৯২৬ খ্রিস্টাব্দে। পেশায় শিক্ষক স্বামী প্রয়াত আব্দুর রহমান চৌধুরীর অনুপ্রেরণা ও সহযোগিতা তাঁর সফলতার ক্ষেত্রে সাহস জুগিয়েছে। কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ        
করেন। প্রতিটি পরীক্ষায় ভাল ফলাফল ছিল। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে ব্যাচেলার অব ট্রেনিং (বি.টি) প্রশিক্ষণ গ্রহণ করেন। সিনিয়র সহকারী শিক্ষিকা হিসেবে মাধ্যমিক বিদ্যলয়ে পেশার শুরু। পদোন্নতিতে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে কুমিল্লার বিখ্যাত ফয়জুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যলয়ে  যোগদান ১৯৬৫। তিন বৎসর পর আবারো পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষিকা হিসেবে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের উর্দু সেকশনে যোগদান ১৯৬৮। পরবর্তিতে উর্দু সেকশন না থাকলেও টানা ১০ বৎসর সতীশের প্রধান হিসেবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। একই পদমর্যাদায় সিলেটের সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলী ১৯৭৮। চার বৎসর পর ফেব্রুয়ারী ১৯৮২, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদে বহাল থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। সিলেটের ঝেরঝেরী পাড়ার নিজ বাড়িতে বসবাসকালে জীবনের শেষের দিকে হার্টের অসুখে ভুগছিলেন। সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯৯১-র ২রা মার্চ তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর একমাত্র উত্তরাধিকার ডাঃ আয়শা নিলোফার চৌধুরী বর্তমানে সিলেটে আছেন। অসম্ভব ধৈর্যশীল এই মহতী নারী কর্মজীবনে সকল কাজে সততা ও নিষ্ঠার প্রমাণ রাখতে আপ্রাণ চেষ্টা করতেন। সেই অনগ্রসর সমাজে বসবাস করেও একজন সংস্কৃতিমনস্ক অসাধারণ মহিলা ছিলেন তিনি। ছবি আঁকা, জামাকাপড় সেলাই ও উলের পোষাক বুননে পটু ছিলেন। ঘরোয়া পরিবেশে পুরোনো দিনের গান গেয়ে পরিবারের সবাইকে আনন্দধারায় ভাসিয়ে প্রশান্তি অনুভব করতেন। কর্মজীবনে য়খন যে প্রতিষ্ঠানে ছিলেন – ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রীদের মনের মন্দিরে নিত্য স্মরণীয়-বরণীয় হয়ে বেঁচেছিলেন – আছেন – থাকবেন, অনন্তকাল।
পরিশেষে শ্রদ্ধেয় বড়আপাকে কৃতজ্ঞতার সাথে জানাই বিন¤্র শ্রদ্ধাঞ্জলি।