সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের সহোদরা (১৩)

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
সুনামগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে ১৯৭৫ থেকে ১৯৮২ পর্যন্ত কর্মরত পুরানো ঢাকার কায়েৎটুলীর স্থায়ী বাসিন্দা প্রকৌশলী বাবা প্রয়াত আব্দুর রহমান ও মহিলা সমিতিসহ সুনামগঞ্জের বিভিন্ন মহিলা সংগঠনের সাথে জড়িত মা সেলিনা রহমানের চার সন্তানের দুই কন্যাই সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে এস এস সি পর্যন্ত অধ্যয়ন করেছেন। বাবার চাকরির সুবাদে সতীশের ছাত্রী দুই সহোদরাকে নিয়ে ‘আমাদের সহোদরা’র আজকের আলোচনা।  এবার এই দুই কন্যা সম্পর্কে জানাতে তাঁদের নিজ অবস্থান সংক্ষেপে তুলে ধরা হলো।
(১) সাঈদা ইয়াসমিন রুষি :- এস এস সি ১৯৭৮। এইচ এস সি ১৯৮০, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ,  ঢাকা। স্নাতক (সম্মান) ১৯৮৩, সরকারী আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ। মাস্টার্স  ১৯৮৪, ইডেন মহিলা মহাবিদ্যালয়,  ঢাকা এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লমা,  ঢাকা বিশ্ববিদ্যালয় । নিউট্রিশনিস্ট হিসেবে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদ (বি আই ডি এস), ঢাকা ও ইণ্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ঢাকায় বিভিন্ন সময়ে পেশার সাথে যুক্ত থেকে ব্যস্ত সময় কাটিয়েছেন। সন্তানদের লেখাপড়ার স্বার্থে চাকরি ছেড়ে সংসারী হিসেবে এখনও নানামুখী ব্যস্ততায় জীবন কাটছে। সেইসাথে বিভিন্ন ব্যবসায়িক সামাজিক সংগঠনের কনসালটেন্ট         
হিসেবে এবং একটি সামাজিক সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবে নারী অধিকার আন্দোলনের সাথে সম্পৃক্ত। সতীশের বালিকা বেলায় বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে হারমোনিয়ম বাজিয়ে তবলার তালে তালে সুরের ঝঙ্কার তুলে সবাইকে আনন্দ দিয়ে সকলের হৃদয়ে নিজের পরিচয়কে বেঁধে রেখেছেন তিনি। ঢাকাবাসী বান্ধবীরা সুনামগঞ্জ গেলে এখনও অনেকেই রুশির কুশলাদি জানতে চান। পারিবারিক জীবনে স্বামী ও তিন সন্তানসহ সাঈদা ঢাকায় আছেন। বধূ থেকে মা জীবনের বাঁকে পরিবর্তন এবং মা হিসেবে প্রথম সন্তানের জন্ম দেয়ার স্মৃতিই জীবনের শ্রেষ্ঠ সুখের স্মৃতি। প্রজন্মের কাছে প্রত্যাশা রেখেছেন – তারা যেন অন্যায়ের প্রতিবাদ করে, সত্য বলার সাহস রাখে, সর্বোপরি যেন মনেপ্রাণে দেশকে ভালবাসে।
(২) সামিরা ইয়াসমিন শাম্মী :-  এস এস সি ১৯৮১। এইচ এস সি ১৯৮৩, পুরানা পল্টন মহিলা কলেজ, ঢাকা। স্নাতক ১৯৮৫, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ,  ঢাকা। বহির্বিশ্বে নিজের ক্যাটারিং ব্যবসা রয়েছে  যার নাম সামিরা’স ক্যটারিং। নিজ উদ্যোগে এককভাবে পরিচালিত এমন সাফল্য বিরল, যা শাম্মী নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করতে সক্ষম হয়েছেন। বিয়ের পর পরই তিনি স্বামীর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানকার নাগরিকত্ব লাভে স্হায়ীভাবে আমেরিকায় বসবাসকারী শাম্মী কয়েক বছর পর পর দেশের মাটি ও মানুষের টানে কিছুদিনের জন্য হলেও বাংলাদেশে আসেন, যেখানে তিনি ওৎপ্রোতভাবে নাড়ির বন্ধনে বাঁধা। সতীশের বালিকা বেলায় বন্ধুবৎসল বড়বোন তাঁর বান্ধবীদের সাথে বার্ষিক পরীক্ষা শেষে প্রতি বৎসরই বনভোজনে যাওয়ার সময় তাঁকে সাথে করে নিয়ে যেতেন। বনভোজনের সাথে বিনোদন- অসাধারণ স্মৃতি একটানা পাঁচ বৎসরে পাঁচটি বার।  মনের গভীরের সুখ স্মৃতিতে অম্লান এই স্মৃতি সমাদরে লালন করে চলেছেন তিনি।  মা, মাটি, মানুষ – এই তিনটি ‘ম’-কে যথাযথ মূল্যায়নের মাধ্যমে ভালবাসার বন্ধনে নিজেকে জড়িয়ে রাখতে হবে। প্রজন্মের প্রতি এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন সামিরা ইয়াসমিন। রাজধানীতে জন্মগ্রহন করেও প্রত্যন্ত একটি মহকুমা শহরের নারী শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে মাধ্যমিক পর্যন্ত বিদ্যাশিক্ষা করে  রাজধানী ঢাকাসহ বর্হিবিশ্বে নিজ যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সফলতার সাথে এগিয়ে চলা ভিনদেশী সহোদরার প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।
সংশোধন
আমাদের সহোদরা(১০)এ
(১)  মায়ের নামের পূর্বে ‘প্রায়াত’ শব্দটি বাদ দিয়ে পড়তে হবে।
(২)  ফাতেমা চৌধুরী স্বপ্না বিয়ের দুই ‘বৎসর’ এর মধ্যে লেখা হয়েছে। এখানে ‘বৎসর’-এর পরিবর্তে মাসের পড়তে হবে।