সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য
পূব আকাশে উদীয়মান সূর্যের লালচে আভা দিগন্তে ছড়িয়ে ধীরে ধীরে রক্ত-লাল বৃত্তটির সাথে সবুজে আচ্ছাদিত পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রাকৃতিক নিঃসর্গের অপরূপ লীলা নিকেতন বাংলাদেশের ভাটি এলাকা সুনামগঞ্জ জেলা। এই জেলা (তখনকার মহকুমা)র প্রত্যন্ত সুখাইর গ্রামের জমিদার বাড়ির ছায়া সুনিবিড় শান্তির নীড় ছেড়ে শহরের হাসননগরে নিকট আত্মীয়সহ সপরিবারে স্থায়ীভাবে বসবাসের জন্য যিনি পাড়ি জমিয়েছিলেন তিনি প্রয়াত সুধাংশু চৌধুরী। তাঁর সহধর্মিনীর নাম প্রয়াত নীলিমা চৌধুরী। তাঁদের তিন সন্তানের দুই কন্যাই সতীশের শিক্ষার্থী ছিলেন। আমাদের সহোদরা আজকের আয়োজন তাঁদের নিয়ে।
(১) ঝর্ণা দাশ পুরকায়স্থ :- ম্যাট্রিকুলেশন ১৯৫৭।উচ্চ মাধ্যমিক পাশের পরও সনামগঞ্জ কলেজে অধ্যয়নকালে বিয়ে ১৯৬১। স্বামীর কর্মসূত্রে অবস্থানের কারণে রাজশাহী গভর্ণমেন্ট কলেজ থেকে স্নাতক পাশ করেন। পরবর্তিতে স্বামীর বদলীর জন্য ১৯৬৮ তে পাকিস্তানের করাচী শহরে অবস্থানকালে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ শুরু হয়। মানসিক ভয়, আতঙ্ক ও হতাশা নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ১৯৭৩ এ স্বদেশ প্রত্যবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ কেলেজের সান্ধ্যকালীন সময়ের ‘বাংলাভাষা ও সাহিত্য’ বিষয় নিয়ে মাস্টার্স ১৯৭৬। মাস্টার্সের মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ (১ম শ্রেণী) মার্কস পেয়ে ২য় শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছিলেন। সেইসময়ে এমন ফলাফল সচরাচর পরিলক্ষিত হত না। কেবলমাত্র স্বামীর উৎসাহ ও অনুপ্রেরণায় চারজন শিশুসন্তনকে লালন-পালনের দায়িত্ব ও কর্তব্যে ত্রুটি না করে এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।
এই উপমহাদেশের স্বনামধন্য কথা সাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থের শিশুতোষ বইসহ অনেক প্রসিদ্ধ উপন্যাস ও গল্পের বই এবং প্রবন্ধ রয়েছে। সুদীর্ঘ সময়ব্যাপী বাংলা সাহিত্যের চর্চায় রত এই সুলেখিকা বিভিন্ন সময়ে নানান পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেছেন। ৪ঠা জুন, ২০১৬ লেডিস ক্লাবের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মাননা গ্রহণই এ পর্যন্ত তাঁর জীবনে সর্বশেষ প্রাপ্তি।
অবসরে থাকা ব্যাংক কর্মকর্তা স্বামী, দেশ ও দেশের বাইরে বসবাসকারী সন্তান, জামাতা, পুত্রবধূ ও নাতি- নাতনীকে নিয়ে পারিবারিক জীবনেও তিনি খুব সুখী। বর্তমানে ঢাকায় আছেন।
‘চিন্তামনি মাঠা, লক্ষীবিলাস দৈ নেবেন নিগো-’ দুই কাঁধে ভার নিয়ে বয়ে যাওয়া ফেরিওয়ালার হাঁক। স্বপ্নের মাঝে সেই মাটির গন্ধমাখা সুর- এখনও তিনি শুনতে পান। দৈ আর মাঠার সাথে থাকত কাঁচের বয়ামে রসে ডুবানো রসগোল্লা। ভাল-মন্দ বুঝার বয়স না হওয়ায় শুধু মনে হতো এর চেয়ে সুস্বাদু খাবার পৃথিবীতেই আর নেই- এমন সুখস্মৃতির কথা ব্যক্ত করেছেন তিনি।
প্রজন্ম প্রত্যাশায় বলেছেন ,‘নতুন প্রজন্মের মাঝে ব্যক্তিত্ব গড়ে ওঠে কিশোর বয়সেই, তথ্য প্রযুক্তিতেও ওরা পারদর্শী হয়ে ওঠে অল্প বয়সে – খুব ভাল দিক এটি। এর সাথে যদি সহমর্মিতা বোধের যুগলবন্দি ঘটে তবে পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে ওরা। নতুন প্রজন্মের কাছে সহমর্মিতাবোধের প্রত্যাশা করি।’
(২) ঝরা দস্তিদার:- সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি উত্তীর্ণ ১৯৬৬। সুনামগঞ্জ কলেজে স্নাতক পর্যন্ত লেখাপড়ায় স্নাতক পাশ করেন ১৯৭২।
গৃহিণী হিসেবে পরিবারে দায়িত্ব নিয়ে এগিয়ে চলা ঝরা দস্তিদারের স্বামী অবসরপ্রাপ্ত (বৃটিশ এয়ারওয়েজ)। বিবাহিত ও চাকুরিজীবী একমাত্র সন্তানটি চাকরির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বি এ পড়ছে।
যুক্তরাজ্য থেকে কন্যা ঐশি দস্তিদারের গ্রেজুয়েশন লাভের সেই সুবর্ণ ক্ষণটিই সুখস্মৃতিতে উজ্জ্বল।
প্রজন্মের কাছে প্রত্যাশায় বলেছেন, সবাই ভাল ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ পূর্বশর্ত। জীবনকে প্রসারিত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে নিজেদের ভূমিকাকে নিশ্চিত করতে সচেষ্ট হতে হবে।
সুস্বাস্থ্য নিয়ে সুখ-শান্তিতে ভরে উঠুক তাঁদের আগামী দিনগুলো-শুভ কামনা রইলো।


