সত্যশব্দের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
ঘরোয়া আয়োজনে সম্পন্ন হল সুনামগঞ্জের শিশুদের শুদ্ধ বাংলা ও আবৃত্তি চর্চার প্রতিষ্ঠান সত্যশব্দ আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সত্যশব্দের যাত্রা শুরু ২০১৯ এর ৪ জানুয়ারি। কিন্তু এর পরিকল্পনা বা এটা নিয়ে স্বপ্ন দেখার শুরু ২০১০ সালের দিকে। সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার নাট্যচর্চার পাশাপাশি আবৃত্তি নিয়ে কাজ করে নিয়মিত। সুনামগঞ্জ প্রসেনিয়াম শিশুদের আবৃত্তি ও অভিনয় চর্চায় উৎসাহিত করার জন্য আর সত্যশব্দের প্রশিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র ও তার বোন সোনিয়া তালুকদারের স্বপ্ন বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেস্টায় গড়ে তোলা হয় এই সত্যশব্দ আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্রের।
শনিবার জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় সত্যেন্দ্রনাথ দত্তের দূরেরপাল্লা কবিতার বৃন্দ আবৃত্তির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এর পর তিথি, জুবিন, ত্বাহা, প্রদীপ্তা, পড়শী, আরশী, শ্রী, জাইয়ান, জয়ীতা, শুভজিত প্রত্যেকে একক আবৃত্তি পরিবেশন করে।
এর পর কেক কেটে জন্মদিনের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ কান্তি দে, আবৃত্তি শিক্ষক ও শিল্পী রুনা লেইস, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা সাদিকুর রহমান খান, সাবেক দলনেতা সাদেকুর রহমান সনি, সংগীত শিল্পী সোহেল রানা, রিপন চন্দ, আহসান জামিল আনাস, প্রসেনিয়ামের সকল সদস্য ও সত্যশব্দের সকল অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অসহায় শীতার্ত মানুষের মাঝে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার ও সত্যশব্দের সদস্যরা শীতের কাপড় বিতরণ করে।