শহীদনূর আহমেদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে রোগীদের খাবর পানি সংগ্রহে স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের সুব্যবস্থা না থাকায় হাসপাতালের বাহির থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে রোগির স্বজনদের।
পানি সরবরাহের অব্যবস্থাাপনাটি দীর্ঘদিনের সমস্যা হলেও স্থায়ী সমাধানের ক্ষেত্রে তেমন ভূমিকা নেই কর্তৃপক্ষের।
তবে রোগীদের পানি সরবরাহের জন্য সুব্যবস্থা করেছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম।
বুধবার সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে জানা যায়, হাসপাতালের সাপ্লাইর পানি অধিকতর গরম ও ময়লা-দুর্গন্ধ যুক্ত হওয়ায় খাবার উপযোগী নয়। তাই বাহির থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন রোগীর স্বজনরা।
হাসপাতালের মসজিদে নামাজ চলাকালীন সময়ে ওজুখানার টেপ ও কলেজ রোডের ডান পাশে অবস্থিত টিউবেল থেকে পানি সংগ্রহ করছেন রোগীর স্বজনরা। দিনের প্রায় সময়ই ওজুখানা বন্ধ থাকে। এদিকে কলেজ রোডের টিউবেলটিতে পানি সংগ্রহে নানা বঞ্চনার শিকার হচ্ছেন রোগীর নারী স্বজনরা। অনেকে বাধ্য হয়ে দোকান থেকে পানি কিনছেন। গৌরারং ইউনিয়নের শাফেলা গ্রাম থেকে রোগী নিয়ে আসা রফিক মিয়া বলেন, হাসপাতালের টেপের পানি দুর্গন্ধযুক্ত, খাওয়া যায় না। আজ ৩ দিন ধরে বাহির থেকে পানি আনতে হচ্ছে।
বিশ্বম্ভরপুর শক্তিয়ারখলা থেকে রোগী নিয়ে আসা সুপ্রভা রাণী বলেন, কলেজ রোডের পাশে একটি টিউবেল থেকে খাবার পানি আনতে হয়। এত দূর থেকে পানি আনতে সমস্যা হয়। স্থানীয় বাসিন্দারা অনেক সময় কালো মুখ করেন। সদর উপজেলার বেড়িগাঁও থেকে রোগী নিয়ে আসা জাফর উল্লাহ বলেন, আমি পাঁচ দিন হইছে আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসছি। পানি দূর থেকে আনতে হয়। অনেক সময় বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সকালে মটরের সাহায্যে খাবার পানি তোলে দেয়া হয় রোগীদের। নতুন বিল্ডিং চালু হলে ১ টি নতুন টিউবেল স্থাপন হবে। আপাতত বাইরের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছেন রোগীর স্বজনরা।’


