সদ্যোজাত কন্যা সন্তানকে পানিতে ফেলে দিয়ে হত্যা করার মতো বর্বরোচিত অপরাধের অভিযোগ উঠেছে ধর্মপাশার এক মা’র বিরুদ্ধে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত সংবাদ অনুসারে ধর্মপাশার সেলবরষ ইউনিয়নের নিজগাবী গ্রামের কুলসুমা নামক ওই মা নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যা করেছেন। সংবাদের ভাষ্য অনুৃসারে হত্যাকারী মা মানসিক ভারসাম্যহীন ছিলেন কিনা অথবা কন্যা সন্তান জন্মদানের জন্য তাকে পারিবারিক গঞ্জনা সইতে হয়েছে কিনা এমন তথ্য পাওয়া যায়নি। তাই আপাত দৃষ্টিতে ঘটনাটিকে নিছক একটি জঘন্য হতাকা-ের বাইরে আর কিছু ভাবার অবকাশ নেই। তবে এরকম ঘটনার খবর পাওয়ার পর মনের ভিতর অনেক প্রশ্নের জন্ম নেয়। এক মা কেন এমন অপরাধে প্রবৃত্ত হলেন তার অন্তর্নিহিত কারণ জানার ইচ্ছা জাগে। আইন, নৈতিকতা সবকিছু বিবেচনায় কুলসুমা নামক ওই মা চরম শাস্তিযোগ্য এক অপরাধ করেছেন। তাঁকে এজন্য আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আইন তাকে যে সাজা দেয় তা মেনে নিতে হবে। সভ্য সমাজের প্রতিনিধি হিসাবে আমরাও এই জঘন্য খুনের উপযুক্ত বিচার কামনা করি।
আমরা জানি, আমাদের সমাজে এখন পর্যন্ত কন্যা সন্তানকে ছেলে সন্তানের সাথে সমমর্যাদার আসনে দেখা হয় না। বিশেষ করে গ্রামাঞ্চলে এই দৃষ্টিভঙ্গি দৃষ্টিকটুরকমভাবে প্রকট। কোন মা যদি একাধারে কন্যা সন্তান জন্ম দিতে থাকেন তাহলে তো তাকে গঞ্জনার মুখোমুখি হতে হয় সবচাইতে বেশি। পরিবারের সকলের প্রত্যাশিত ছেলে সন্তান জন্ম না দিবার অপরাধটি মা নামক নারীর ঘাড়েই চাপিয়ে দেয়া হয়। সমাজ কিংবা পরিবার বুঝতে অক্ষম যে, ছেলে কিংবা মেয়ে সন্তান জন্মদানে মায়ের ভূমিকা নিতান্তই গৌণ। এখানে বাবার ভূমিকাই মুখ্য। কিন্তু এজন্য বাবাকে কেউ দোষারুপ করে না। সমাজে বিরাজমান এমন পুরুষতান্ত্রিক মনোভাব ও নারীর প্রতি বৈষম্য চরমে থাকার কারণেই ধর্মপাশার ওই মায়ের হাতে সদ্যোজাত কন্যা সন্তান হত্যাকা- নিয়ে আমাদের মনে এত প্রশ্ন উঠে আসে।
সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে সরকারি-বেসরকারি উদ্যোগের শেষ নেই। মহা সমারোহে আন্তর্জাতিক নারী দিবস, কন্যা শিশু দিবস ইত্যাদি নানা নামের দিবসাদি পালন করা হয়ে থাকে। কিন্তু এতসব প্রচেষ্টা সত্বেও সমাজের পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে সেটি একটি বড় প্রশ্ন হয়ে এখনও দাঁড়িয়ে আছে। নারীরা অর্থনৈতিক কর্মকা-ে ব্যাপকভাবে অংশগ্রহণ করার পর আশা করা হয়েছিল, অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। কিন্তু উচ্চবিত্ত ও শহুরে কিছু মধ্যবিত্ত ছাড়া আর সর্বত্র নারীচিত্র মোটামোটি এখনও হতাশাব্যাঞ্জকই বলা চলে। নারীদেরকে মানুষ হিসাবে দেখার পরিবর্তে তাদেরকে নারী নামক এক পৃথক অস্তিত্বরূপে দেখা যতদিন অব্যাহত থাকতে ততদিন পরিবর্তনের আশা করা বোকামি। আমাদের জাতীয় ও নাগরিক উদ্যোগগুলি যদি লৈঙ্গিক বৈষম্য কমানোয় সক্ষম আরও কার্যকরি হতো তাহলে সমাজের উন্নয়নও গতি সঞ্চার হত। গ্রামাঞ্চলে পরিবার পরিকল্পনা পদ্ধতির অগ্রগতি এখন থমকে আছে। বহু পরিবার রয়েছে যেখানে সন্তান সন্ততির সংখ্যা দুইয়ের অধিক, ক্ষেত্র মত চার বা পাঁচ সন্তান বিশিষ্ট। বরং এক বা দুই সন্তানের পরিবার গ্রামাঞ্চলে খুঁজে পাওয়া দুস্কর। এই বিষয়টি নারীচিত্র অগ্রগতির ক্ষেত্রে বিরাট বাধাস্বরূপ। কিন্তু কেন জানি পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রসারের ক্ষেত্রে সরকারের ভূমিকা কিছুটা শ্লথ বলে আমাদের মনে হয়।
ধর্মপাশার নিজগাবী গ্রামে যে হৃদয়বিদারক মানবতার জন্য কলংকস্বরূপ ঘৃণ্য ঘটনা ঘটল এরকম দ্বিতীয় কোন ঘটনা যাতে কোথাও কখনও না হয় তাই আমাদের কাম্য এবং সমাজের সকলের কর্মকা- এই লক্ষ্যে পরিচালিত হওয়া উচিত।

