সনাকের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
জাতীয় শিশু দিবসকে সামনে রেখে সোমবার সুনামগঞ্জে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে বিকেলে শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
তিনটি গ্রুপে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নয়জনকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সব শিশুদের উপহার দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দে সুনামগঞ্জ সনাকের সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সহভাপতি অ্যাডভোকেট খলিল রহমান, সনাক সদস্য অ্যাডভোকেট নাজনীন বেগম, স্বজন সদস্য অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায় ও রাজু আহমেদ, টিআইবির আঞ্চলিক কর্মকর্তা আরিফুর রহমান। এ ছাড়া প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেন সনাকের অনুপ্রেরণায গঠিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়েস গ্রুপের সদস্য এমরান হোসাইন, মাহমুদুল হাসান, পার্থ সাহা, আনিছ চৌধুরী।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুলের সৈয়দা নাজমুস শাহার, দ্বিতীয় সৃজন বিদ্যাপীঠের শুভশ্রী রায়, তৃতীয় ফারিহা একাডেমির আহসান হাবিব আদনান। খ গ্রুপে প্রথম হয়েছে সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের অহনা জামান রোদেলা, দ্বিতীয় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শান্তনু শর্মা, তৃতীয় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ঋতুরাজ দাস। গ গ্রুপে প্রথম হয়েছে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রজ্জ্বল চৌধুরী, দ্বিতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের সর্বজয় মৈত্র, তৃতীয় হয়েছে সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের উম্মে হানী জান্নাত।