সফল নারী মনোয়ারা বেগম শ্রমিক থেকে ইউপি সদস্যা

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের পাথর শ্রমিক মনোয়ারা বেগম একজন সফল নারীর উদাহারণ। স্বামীর আয়ের উপর নির্ভর না করে কিভাবে নিজে আয় করা যায় সে চিন্তা থেকে মনোয়ারা আজ স্বাবলম্বী। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য  পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাহিরপুরের সীমান্ত অঞ্চল শাহিদাবাদ গ্রামের দরিদ্র গোলাপ মিয়ার স্ত্রী মনোয়ারা। স্বামীর আয়ে সংসারে নুন আনতে পান্তা ফুরাতো একসময়। এ অবস্থায় মনোয়ারা স্থির করেন স্বামীর সাথে নিজেও পাথরের কাজ  করবেন। স্বামী-স্ত্রী মিলে যাদুকাটা নদীতে দৈনিক তিন/চার ভ্যান পাথর তোলে বিক্রি করে যা রোজগার হয়, তা দিয়ে সংসার চালাতেন। চার সন্তানের জননী মনোয়ারা পাথর শ্রমের পাশাপাশি রাতে একটি বয়স্ক শিক্ষা কেন্দ্রে ভর্তি হন। নাম স্বাক্ষরসহ বাংলা ইংরেজি শব্দ লিখতে-পড়তে পারায় মনোয়ারার ইচ্ছা জাগে সমাজের জন্য কিছু করার। তিনি ২০০৬ সালে গউস-লীপ নামের একটি এনজিও’র সাথে যোগাযোগ করে তার আগ্রহের কথা জানান। এরপর সংস্থাটি মনোয়ারা বেগমকে প্রাণী সম্পদের উপর প্রশিক্ষণ ও চিকিৎসা উপকরণ দিয়ে সেবাদানকারী হিসেবে মনোনীত করেন।
সকাল থেকে সন্ধ্যা অবধি গ্রামে গ্রামে ঘুরে হাঁস-মুরগি, গরু ছাগলের চিকিৎসা শুরু করেন তিনি। মনোয়ারা এলজিইডি থেকে দুর্যোগ মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ, এফআইভিডিবি থেকে ধাত্রী মাতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর থেকেই মনোয়ারা সার্বক্ষণিক একজন সেবাদানকারী হিসেবে এলাকার গর্ভবতী মায়েদের খোঁজ-খবর, সন্তান প্রসব এবং তাদের প্রয়োজনীয় সহায়তা করে আসছেন। এ থেকে তিনি এলাকার লোকজনের প্রিয় । মনোয়ারার ইচ্ছা এবং তার কঠোর অনুশীলনের ফলে বদলে গেছে তার জীবনমান। মনোয়ারা এখন প্রতিমাসে কম করে হলেও ১২ হাজার টাকা রোজগার করেন।
তার স্বামীকেও এখন কঠোর পরিশ্রমের কাজ করতে হয় না। স্ত্রীর আয়ে সংসার ও ছেলে-মেয়ের লেখাপড়ার খরচের পাশাপাশি নতুন টিনশেড ঘর নির্মাণ, গরু ছাগল ও  জমি-জমা ক্রয় করে কৃষিকাজ করছেন স্বামী। সম্প্রতি মনোয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সবমিলিয়ে মনোয়ারা এখন ওই এলাকায় একজন সুখী ও সফল নারীর দৃষ্টান্ত।