বহুল আলোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের ২১ দিন পর গত শনিবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এক সমাবেশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সমাবেশে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা হত্যারহস্যের খুব কাছাকাছি চলে এসেছি। আপনাদের এই বলে আশ্বস্ত করতে চাই, আমরা শিগগিরই হত্যাকারীদের আপনাদের সামনে হাজির করব এবং বিচারের দোরগোড়ায় পৌঁছে দেব। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি ঘটা প্রতিটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে বা করার দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন।
এক মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং পুলিশের আইজির উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের আশার বাণী শোনাচ্ছিলেন, সেদিনই বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার সকালে দুর্গম গ্রামে একটি বৌদ্ধবিহারে তার লাশ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং ঘাড়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কেন এই হত্যাকান্ড? এর জবাব পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। তবে সাম্প্রতিক সময়ে কুপিয়ে হত্যার অন্যান্য ঘটনার ধরনের সঙ্গে ভিক্ষু হত্যা ঘটনার মিল রয়েছে। তবে তদন্তের পরই এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সাম্প্রতিক সময়ে দেশে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকান্ড ঘটেছে। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিক্যাল বোর্ড শিগগিরই তাদের প্রতিবেদন দেবে বলে আশ্বাস দিয়েছে। রাজধানীর কলাবাগানের জোড়া খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তি হত্যাকান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি করছে পুলিশ। এ দুটি আলোচিত হত্যাকান্ড ছাড়াও আরও বেশ কিছু স্পর্শকাতর হত্যাকান্ড তদন্তাধীন রয়েছে।
সব অপরাধের সুষ্ঠু তদন্ত হবে এবং অপরাধী বিচারের আওতায় আসবে, এটাই রাষ্ট্রের বিধান। কোনো কোনো হত্যার ঘটনা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও আলাদা গুরুত্ব দিয়ে সেইসব অপরাধের তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তত্পর হয়ে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী আলোচিত অপরাধ সংঘটিত হওয়ার পর অনেক সময়ই মুখ খোলেন। তিনি জনগণকে আশ্বস্ত করেন অপরাধের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত অপরাধী গ্রেফতারের ব্যাপারে। সরকার গত কয়েক বছরে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত অপরাধের তদন্ত করে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে। বিশ্বনাথ হত্যাকান্ডসহ কোনো কোনো অপরাধ ঘটনার পুরো বিচার প্রক্রিয়া শেষ হয়েছে দ্রুততার সঙ্গে। সরকারের এমন তৎপরতাকে দেশের মানুষ খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছে। তবে এ কথাও সত্য যে, বিদেশি হত্যাকান্ডসহ আলোচিত বেশ কিছু হত্যাকান্ডের তদন্তে পুলিশ এখনও খুব বেশি এগোতে পারেনি। এসব হত্যাকান্তের তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়ে না।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যাকারীদের ব্যাপারে যে আশার কথা শুনিয়েছেন, তাতে আমরা আশান্বিত বোধ করছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশার বাণীর দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। আমরা এ-ও প্রত্যাশা করি, সংঘটিত সব চাঞ্চল্যকর অপরাধের দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। তাহলেই স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের ওপর জনগণ আস্থা স্থাপন করতে পারবে।
- হোটেল কক্ষে নাট্যকর্মী চুমকি খুন- কে এই মহিম?
- বিশ্বম্ভরপুরে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাজু

