স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচির অবহিতকরণ সভায় খাবার খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন অধিকাংশ অংশগ্রহণকারী।
গত ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির সভা অনুষ্ঠিত হয়। সভায় তাহিরপুর ইউএনও সুপ্রভাত চাকমা, ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ সহ সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, সাজেদা ফাউন্ডেশনের দেয়া বিরিয়ানি খেয়ে তার ৩ বার পাতলা পায়খানা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা জানান, মঙ্গলবার সাজেদা ফাউন্ডেশনের প্যাকেট খাবার খাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার পেটের অবস্থা খারাপ রয়েছে।
সাজেদা ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা ম্যানাজার শারমিন সুলতানা যুথি বলেন, তাহিরপুর এলাকাতে আমরা নতুন এসেছি। সবাই ভাল বলেছে বিধায় ঐ হোটেলে খাবার অর্ডার করেছি। আমরাও টিমের সবাই অসুস্থ হয়ে গিয়েছি ঐ খাবারটা খেয়ে।
এদিকে বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত হাজী বিরিয়ানীর দোকানকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
তাহিরপুর ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, সাজেদা ফাউন্ডেশনের সভায় উপস্থিত অনেক কর্মকর্তাই তাকে জানিয়েছেন সাজেদা ফাউন্ডেশনের খাবার খেয়ে তাদের পেটে সমস্যা দেখা দিয়েছে।


