স্টাফ রিপোর্টার
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষায় নিরলসভাবে কাজ করার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জের তরুণ ব্যবসায়ী ও সমাজসেবী মো. জিয়াউল হককে বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। ১৬ তম বিশ্ব অটিজম সচেনতা দিবস উপলক্ষে রবিবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী মো. নূরুজ্জামান আহমদ।
মো. জিয়াউল হকসহ অটিজম সচেতনতা ও সুরক্ষায় বিশেষ অবদান রাখায় এবার তিন প্রতিষ্ঠান ও ১০ জন ব্যক্তিকে জাতীয়ভাবে এই সম্মাননা দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করায় মো. জিয়াউল হককে ‘গ’ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে এই সম্মাননা দেওয়া হয়।
সমাজকল্যাণ মন্ত্রণাণয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমদ, বিশেষ অতিতির বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।
এদিকে ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায়’র সভাপতিত্বে সভায় আলোচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো. তানজিল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।


