সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ

আকবর হোসেন, জামালগঞ্জ
জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ও নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনের  তফসিল জারি করেছে নির্বাচন কমিশন। এর পর থেকেই চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ সদস্য পদে নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়া শুরু করেছেন অনেকে।
আগামী ২০ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোয়নয়পত্র দাখিল, ২১ মার্চ বাছাই, ২৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ এপ্রিলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করার পর থেকে ইউনিয়ন পরিষদের ভোটার ও প্রর্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় নির্বাচনী আমেজ জমজমাট হয়ে উঠছে।
নির্বাচনকে কেন্দ্র করে সকল পদের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে কৌশলে  কুশল বিনিময় করে নির্বাচনী প্রচারণায় দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন প্রদান করলেও বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো এখনও প্রার্থীতা চূড়ান্ত করেনি। অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।
দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে যাদের নাম শুনা যাচ্ছে, তারা হলেন জামালগঞ্জ সদর ইউপিতে   
আ. লীগ মনোনীত প্রাথী উপজেলা আওয়ামী লীগ নেতা জামিল আহমেদ জুয়েল, জালাল উদ্দিন, আবুল কালাম আজাদ, সংরক্ষিত ইউপি সদস্যা শারমিন সুলতানা, আব্দুল হক চৌধুরী, নাজিম উদ্দিন, সাজ্জাদ মাহমুদ সাজিব, জুয়েল মিয়া,সদর ইউপির কর্তমান প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম ও রুপম মিয়া।
নব গঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে যাদের নাম শুনা যাচ্ছে, তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সদর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, রজব আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোবারক আলী তালুকদার , বিএনপি নেতা ও ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ প্রমুখ। সকল প্রার্থীরা তার কর্মী সমর্থক, শুভাকাংখি, আত্মীয়স্বজনদের নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।  
ইতিমধ্যে জামালগঞ্জের দুইটি ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যাদের মনোনয়ন জমা পড়েছে। তবে রবি ও সোমবার শেষ দুইদিনে দুইটি ইউনিয়নের প্রধান দুই রাজনীতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে। জামালগঞ্জ সদর ও উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থী হবে বলে জানা গেছে। ইতিমধ্যে জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলেও এখন পর্যন্ত বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি। তবে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে আজ রাতেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,ভোটার তালিকা অনুযায়ী ২ নং জামালগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-১৮৭১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-৯৩০৫ ও মহিলা ভোটার সংখ্যা-৯৪১৪ জন। নব গঠিত ৬ নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪৭৮৬ জন। এর মধ্যে পুরুষ সংখ্যা-৭৪৯১ ও মহিলা ভোটার সংখ্যা-৭২৯৫ জন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ইউসুফ-উর-রহমান বলেন,জামালগঞ্জের দুইটি ইউনিয়নের প্রার্থীরা উৎসাহ উদ্দীপনার সাথে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা  রবি ও সোমবার শেষ দুই দিনেই জমা দিবেন বলে ধারনা করা হচ্ছে।