স্টাফ রিপোর্টার
রাজধানীতে চারদিন ব্যাপি জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের উন্নয়ন, সমস্যা ও সম্ভবনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে জানানো হয়, বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জেলা প্রশাসক সুনামগঞ্জে সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতুসহ সিলেট-সুনামগঞ্জ সড়কে ১২টি সেতু উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রূপকল্প ২০২১ এবং ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন আজ ১৬ কোটি মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছে। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সুনামগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন,‘ ছাতক উপজেলার রেললাইনটি মাত্র ২৬ কি. মি. সম্প্রসারিত করে জেলা সদর পর্যন্ত বিস্তৃতকরণ। নদী, হাওর, পাহাড়ের পটভূমিকায় সুনামগঞ্জে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে যাচাইকরণ। ক্ষদ্র নৃগোষ্ঠীর একটি বড় অংশ সুনামগঞ্জে বসবাস করছে। তাঁদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ জানান।
মৎস্য এবং কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা হ্রাস, আগাম বোরো ফসল রক্ষা এবং হাওরের নাব্যতা বাড়ানোর জন্য হাওরগুলো খনন করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ফসল রক্ষা বাঁধগুলো যেন সহজেই না ভাঙ্গে এবং যাতে পানিতে তলিয়ে না যায় তার জন্য এগুলো আরও উঁচু এবং মজবুত করার ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুনামগঞ্জ কে একটি অর্থনৈতিক অঞ্চল করার ব্যাপারে তিনি প্রানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


