স্টাফ রিপোর্টার
জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল সুনামগঞ্জে আসবেন আজ। সকাল ১০ টায় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৭’এর উদ্বোধন করবেন তিনি। দিনভর এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা চলবে।
ড. জাফর ইকবাল শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট দেখবেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকবেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মো. শফিউল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী।
প্রিয় শিক্ষক ড. জাফর ইকবালের আসা উপলক্ষে সতীশ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবেগ ও উচ্ছাস দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক নানা প্রজেক্ট উদ্ভাবনের চেষ্টা করছে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বুশরা, নবনীতা ও মুন বললো,‘জাফর ইকবাল স্যার আমাদের বিদ্যালয়ে আসছেন জেনে আমরা আনন্দিত, আমরা চেষ্টা করছি নিজেরা বিজ্ঞান বিষয়ক নানা প্রজেক্ট তৈরি করে উপস্থাপন করতে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরীও বললেন,‘আমি কৃতজ্ঞ, শিক্ষার্থীদের মতো আনন্দিত।’ স্কুলের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সফল করতে সকলের সহযোগিতা কামনা করলেন তিনি।


