সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার
পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজুল কাজীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কাজীর পয়েন্টের কাছে এই হামলার ঘটনা ঘটে। লাঠি, হকিস্টিক, পাইপ, রড দিয়ে শাহাজুল কাজীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।
গুরুতর আহত শাহাজুল কাজীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাত পড়েছে। বিকালে পুলিশ হামলার সাথে জড়িত মিজান নামের একজনকে গ্রেফতার করেছে। মিজান আরপিননগরের সাবাজ উদ্দিনের ছেলে।  মিজানকে মোটরসাইকেল    
চুরির অপর একটি মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯ টায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
জানা যায়, শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা নিয়ে উকিল পাড়ার বাসিন্দা সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজুল কাজীর ছোট ভাই দিপক কজীর সাথে আরপিননগরের মিজানের কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে মিজানের নেতৃত্বে ৮-১০ জন যুবক সোমবার দুুপুরে কাজীর পয়েন্টে শাহাজুল কাজীর উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটে স্থানান্তর করা হয়। বর্তমানে সিলেটে এমএজি ওসামানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘হামলার ঘটনার সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে। শাহাজুল কাজীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’