স্টাফ রিপোর্টার
সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে একটি সুষ্ঠু সরকারি ক্রয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রয়কারী প্রতিষ্ঠান ও ঠিকাদারদের নিয়ে ফোরাম গঠনের লক্ষে সুনামগঞ্জে মতবিনিময় হয়েছে। দেশব্যাপি দ্বিপাক্ষিক ফোরাম গঠন ও সংলাপের অংশ হিসাবে রোববার শহরের সার্কিট হাউস মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাংকের সহায়তায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট (সিপিটিইউ) কর্তৃক বাস্তবায়নাধীন সরকারি ক্রয় সংস্কার প্রকল্পের আওতায় দেশের সবকটি জেলায় পর্যায়ক্রমে এই ক্রয় সংলাপ ফোরাম গঠন ও সংলাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি) এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
সার্কিট হাউসের সম্মেলন কক্ষে রোববার সকাল ১০ টায় জেলা পর্যায়ে সরকারি ক্রয় সংলাপ ফোরাম গঠনের লক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আইএমই বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক হোসেন।
মতবিনিময় সভায় প্রকৌশলী, ঠিকাদার ও গণমাধ্যমকর্মীসহ ৮০ জন অংশগ্রহণকারী ছিলেন।
কর্মশালা শেষে সরকারি অধিদপ্তরের কর্মকর্তা ও কন্ট্রাকটরদের মধ্য থেকে ১৫ সদস্য বিশিষ্ট গর্ভনেন্স কন্ট্রাকটর কমিটি গঠন করা হয়।এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে আহবায়ক ও মেসার্স মাহবুব এন্ট্রারপ্রাইজ এর মালিক আবুল মহসিন মাহবুবকে সদস্য সচিব করা হয়।


