সু.খবর ডেস্ক
উন্নয়নমূলক কাজ করার জন্য সরকার উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।তিনি বলেন, ‘আমাদের অর্থের সমস্যা নেই। যে সমস্যাটুকু রয়েছে তা ব্যবস্থাপনার। এখানে আমাদের এখনো অনেক কিছু করার আছে।’
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২১ বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, জনসম্পদ দেশের একটি বড় সম্পদ। দেশের উন্নয়নের স্বার্থে একটি সঠিক জনশুমারি প্রয়োজন। ঐতিহ্য অনুযায়ী প্রতি ১০ বছর পর পর একটি জনশুমারি করা হয়। আমাদের মধ্যে এমন প্রযুক্তি আসছে যার ফলে ভবিষ্যতে শুমারি অতি সহজ হবে। আসন্ন শুমারিতে যারা মাঠ পর্যায়ে কর্মী হিসেবে কাজ করবে তাদের সম্মানী চারগুণ করা হয়েছে। আশা করি, সবার সহযোগিতায় ২০২১ সালের জনশুমারির কাজ করা সম্ভব হবে।’
‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্পের পরিচালক মো. জাহিদুল হক পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে জনশুমারী ২০২১ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনসুর রহমান, বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. হামিদুল হকসহ রাজশাহীর বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগের অন্য জেলাগুলোর জেলা প্রশাসকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র : সিলেট ভয়েস


