সহনীয় মাত্রায় পৌরকর নির্ধারণ ও নাগরিক প্রত্যাশা

গত সোমবার থেকে সুনামগঞ্জ পৌরসভার অন্তর্গত এলাকায় পৌরকর পুনঃনির্ধারণের জন্য মাঠ পর্যায়ের জরিপ কাজ আনুষ্ঠনিকভাবে শুরু করেছেন পৌরমেয়র। একটি নির্দিষ্ট সময় পর পৌরকর পুনঃ নির্ধারণের সুযোগ রয়েছে পৌর ম্যানুয়েলে। ওই সুযোগেই মাঠ জরিপ কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি যেয়ে সরেজমিন অবস্থা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে, এরপর নাগরিক-মতামত গ্রহণ করে পৌর পরিষদের অনুমোদন নিয়ে নতুন কর হার ঠিক করা হবে। পৌরকর পুনঃনির্ধারণের খবরে পৌরবাসী কিছুটা চিন্তায় পড়েছেন। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায় যারা কোনোমতে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটুখানি মাথা গোঁজার ঠাই করেছেন তারা দুশ্চিন্তায় পড়েছেন যে, পুনঃ নির্ধারিত পৌরকর আবার না মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায়। সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনঘনিষ্ট হিসাবে সুপরিচিত। তিনি সবসময় মানুষের মাঝে থাকতে ভালবাসেন। এই জনসম্পৃক্ততার কারণে পৌরনাগরিকদের মনের অনেক কথা তার জানা রয়েছে। আশার জায়গা এই, বর্তমান জনসম্পৃক্ত পৌরমেয়র অযৌক্তিকভাবে করের হার বাড়াবেন না। বর্তমানে বাজারে পণ্যের অগ্নিমূল্য বিরাজমান। নির্দিষ্ট ও সীমিত আয়ের মানুষের জন্য এই বাজার হয়ে উঠেছে দুশ্চিন্তার আরেক নাম। তাই পৌরকরের নতুন হার যাতে সহনীয় মাত্রার মধ্যে থাকে এইটুকু নিশ্চিত করার জন্য আমরা তাঁকে অনুরোধ করি।
পৌরকরের সাথে নাগরিক সুবিধার বিষয়াদিও জড়িত। সুনাগরিক যেমন নিয়মিত কর পরিশোধ করে তার কর্তব্য পালন করেন তেমনি সেবাদানকারী পৌরসভাকেও নাগরিক সেবার সুষম ব্যবস্থা করার মাধ্যমে নাগরিকদের প্রতি দায়িত্ব পালন করতে হয়। সুনামগঞ্জ পৌর এলাকায় নানাবিধ সমস্যা বিদ্যমান। বিভিন্ন পাড়া মহল্লার রাস্তা ও ড্রেনেজ সমস্যার মতো বড় বিষয় বাদ দিলেও বলা যেতে পারে আরও কিছু ছোটখাট সমস্যা রয়েছে যা সহজেই মিটানো সম্ভব। রাস্তার স্ট্রিটলাইট এর মধ্যে অন্যতম। অনেক জায়গায় স্ট্রিটলাইট থাকে না। একটি বাতি নষ্ট হলে সেটি পুনঃস্থাপিত হতে বহু সময় ক্ষেপণ করা হয়। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখাও আরেকটি সমাধানযোগ্য সমস্যা। এখন কিছু রাস্তায় ড্রেন নির্মাণের ফলে মূল সড়কটি ড্রেনের চাইতে নীচু ও সংকুচিত হয়ে পড়েছে। উপরন্তু মূল সড়ক ভেঙে গিয়ে চলাচলকারী মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। পৌরসভা থেকে যেসব নাগরিক সেবা দেয়া হয়ে থাকে সেখানে আরেকটু আ্ধুনিকতা ও সহজিকরণ কীভাবে আনয়ন করা যায় সেটিও বিবেচনার বিষয়। শহরে বিভিন্ন জায়গায় কিছু পাবলিক টয়লেটের ব্যবস্থা করা বাঞ্ছনীয়। কর পরিশোধকারী পৌর নাগরিকগণ সুনামগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন তথা নাগরিক-বান্ধব এলাকা হিসাবে দেখার আশা পোষণ করেন। এই নাগরিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটানো পৌরসভার নির্বাচিত জনপ্রতিধিগণের অন্যতম দায়িত্ব হওয়া উচিৎ।
পৌরকর পুনঃনির্ধারণের কাজ শুরুর বিষয়টিকে উপলক্ষ করে এই শহরের অধিবাসী হিসাবে আমরা উপরের কিছু বাস্তবতার উপর আলোকপাত করলাম এই কারণে যে, আমরা এমন এক শহরের অধিবাসী হতে চাই যা হবে ছবির মতো সুন্দর এবং অবশ্যই বহিরাগতরা এসে যাতে বলতে পারেন- আহা! কী শান্তি এখানে।