আকবর হোসেন, জামালগঞ্জ
বরের ঘরের মাসী আর কনের ঘরের পিসি নীতিতে আছেন সাচনা বাজারের ব্যবসায়ী নেতারা। সাচনা বাজারের রাস্তায় দখল হওয়া দোকান উচ্ছেদ করতে তাদের যেমন আপত্তি নেই,আবার থাকলেও তাদের কোন আপত্তি নেই। সাচনা বাজারের মাঝখানের রাস্তা দখল করে পুরো বাজার জুড়ে ছোট বড় ২ শতাধিক দোকান গড়ে উঠেছে। রাস্তা দখল করে গড়ে উঠা দোকানগুলো থেকে নিয়মিত ভাড়া আদায় করা হয়। আবার পজিশন চলে বেচাকেনা। পজিশন বেচাকেনা, দখল ও ভাড়া নিয়ে প্রায়ই সমস্যা দেখা দেয়। একটি পক্ষ ভাসমান চালি সমিতির নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বাজারে ভিট দেবার নামে আদায় করছেন লক্ষ লক্ষ টাকা। অবশ্য চালি সমিতির লোকজন তাদের সমিতির নামে টাকা আদায়ের কথা স্বীকার করেছেন।
বাজারের ব্যবসায়ী নেতা জানিয়েছেন উচ্ছেদের আবেদন করেও কাজ হচ্ছে না, আর স্থানীয় প্রশাসন বলেছেন দ্রুত উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।
সাচনাবাজারের রাস্তা দখল করে এমন দোকানীও আছেন যার সাচনা বাজারে ২ থেকে ৩ টি দোকান ভিট আছে। একটি দুইটি করে দোকান ভিট আছেন এমন অনেক ভাসমান ব্যবসায়ী আছেন। শুধু তাই নয় প্রশাসনের চোখে ধূলা দিয়ে চালি সমিতির সাধারণ সম্পাদক যে ভিট বন্দোবস্তের আবেদন করেছেন
তার নামেও সাচনা বাজারে খাস ভূমি বন্দোবস্ত রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো অনেক ব্যবসায়ী বাজারে নিজেদের ভিট ভাড়া দিয়ে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছেন ।
গত শনিবার দুপুরে সাচনা মধ্যবাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় মহসিন সু-ষ্টোরের সামনে রাস্তার মাঝখানের জায়গা দখল করে আছেন সাচনা বাজারের ব্যবসায়ী আমির বাদশা। তার দোকানের ২০-৩০ হাত পাশেই তার নিজস্ব রের্কডীয় দোকান ঘর। তিনি তার দোকান ঘরটি বছরে লক্ষাধিক টাকায় ভাড়া দিয়ে নিজের ব্যবসা রাস্তা দখল করে করছেন। শুধু আমির বাদশা নয়, চালি সমিতির সাধারণ সম্পাদক শাহজাহানের নিজ নামে পলক মৌজায় ৪০৭ দাগে একটি বাজার ভিট বন্দোবস্ত আছে, সমিতির কোষাধ্যক্ষ প্রমথেশ রায়ের পিতা প্রেমানন্দ রায়ের নামেও একই দাগে বাজার ভিট বন্দোবস্ত আছে, সমিতির আরেক নেতা মুজিবুরের নামেও ভিট বন্দোবস্ত আছে, উত্তর কামলাবাজের জয়নাল মোল্লা, অলেক মিয়া, গিয়াস উদ্দিন সহ ভাসমান চালি সমিতির অধিকাংশ সদস্যের নামে সাচনা বাজারে ভিট বন্দোবস্ত আছে। সাচনা বাজার বণিক সমিতির একাধিক নেতা বণিক সমিতির সাথেও আছেন আবার উনার ছেলে সন্তানরা চালি সমিতির সদস্য। বণিক সমিতির ঐ নেতা ও তার ছেলেদের নামেও সাচনা বাজারে খাস ভূমি বন্দোবস্ত আছে। আর এই জন্যই বাজারের অধিকাংশ ব্যবসায়ীই মনে করেন নেতারা বরের ঘরের মাসী, আর কনের ঘরের পিসি। 
সাচনাবাজারের দক্ষিণ মাথা থেকে মাঝ খানের বটতলা পর্যন্ত দুপাশে রাস্তার মাঝখানে ৫০টি অবৈধ ঘর, বটতলা থেকে সাচনা বাজার ট্রলারঘাটের মুখের রাস্তা পর্যন্ত রাস্তার মাঝখানে আরো জুতা লুঙ্গিও ৫০টি ঘর, ট্রলার ঘাটের মুখ থেকে সাচনা কালীমন্দির পর্যন্ত বার্মিজ, জুতা, গেঞ্জির আরো ৫০টি ঘর, কালীগাছ থেকে পুরাতন পুলের মুখ পর্যন্ত ছাতা, ঘড়ি, গ্যাস, ফলের আরো প্রায় ৪০টি দোকান, পুলের মুখ থেকে সাচনা বাজার ঐতিহাসিব বটতলা পর্যন্ত ফল আর পান সুপারীর দোকান ৩০টি, একইভাবে বটতলার পর থেকে সিএন্ডবি রোডের মুখ পর্যন্ত পান সুপাড়ীর আড়ৎ ও চা,পান সিগারেটের দোকান ৩০টি। সবগুলি দোকানের মালিকই স্বাবলস্বী আর অনেকেরই বাজারে নিজস্ব ভিট ও খাস জমি বন্দোবস্ত আছে। সাচনাবাজারের ভাসমান চালি সমিতির এত দ্রুত উত্থান দেখে সাম্প্রতিক সময়ে সাচনা বাজারে আরেকটি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি নামে আরো একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সাচনাবাজারের মাঝ খানের ২ শতাধিক দোকানীকে উচ্ছেদ করার জন্য প্রশাসন একাধিকবার উদ্দ্যোগ নিলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। সাচনাবাজার বণিক সমিতির পক্ষ থেকে বার বার উচ্ছেদের আবেদন করা হয়েছে।
সরকারী রাস্তা দখল করার কারণে বাজারের ময়লা রাস্তার দুপাশে আটকে থাকে। আর একারণেই ময়লা আর নোংরা স্থানে পরিণত হয়েছে বাজারের অধিকাংশ এলাকা। সাচনাবাজারের সবগুলি রাস্তার পাশের দোকানদাররা রাস্তা দখল করেও পথচারীদেরও বিঘœ ঘটাচ্ছেন। যত্রতত্র রাস্তা দখল হচ্ছে। বাজারের রাস্তা দখল হওয়ার কারণে বাজারে পণ্যবাহী কোন গাড়ী প্রবেশ করতে পারে না। তার চেয়ে বেশী সমস্যা বাজারের ভিতরে হাঁটার কোন ব্যবস্থা নেই। মেয়েছেলেরাও বাজারের ভিতরে হাঁটাচলা করতে পারেন না। বাজারের ব্যবসায়ীরা দ্রুত সাচনা বাজারের ভাসমান দোকানগুলিকে উচ্ছেদের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
অবৈধভাবে রাস্তা দখলকারী আমির বাদশা জানান,আমি ৭ বছর ধরে রাস্তার উপর দোকান কইরা আছি, আমার নিজের ঘর ভাড়া দিয়া এই খানে দোকানদারী করি। আমরার সমিতি আছে। বাজার কমিটি সহ নেতাদের সহযোগিতায় এখানে আছি, ডিসি স্যার সহ সবাই জানেন।
সাচনাবাজার ভাসমান চালি সমিতির সাধারণ সম্পাদক পলক গ্রামের শাহজাহান মিয়ার মোবাইলে একাধিকবার চেষ্টা করলে প্রতিবারই তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
সাচনাবাজার পরিবেশক সমিতির নেতারা জানিয়েছেন,সাচনা-সুনামগঞ্জ সড়ক প্রায় বছরখানের ধরে চালু হয়েছে। অথচ সরকারী রাস্তা দখল হওয়ার কারণে কোন পণ্যবাহী গাড়ী বাজারে প্রবেশ করতে পারে না। আমাদেরকে মালামাল আনতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সাচনাবাজারের একাধিক ব্যবসায়ী জানান, বাজারের মাঝখানের রাস্তা দখল হয়ে যাওয়ার কারণে ভোগান্তির মধ্যে আছি, কোন পণ্য ডেলিভারি করতে পারি না। বাজারের মধ্যে ঠেলাগাড়ীও ভালো ভাবে চলে না অথচ বাজারের রাস্তা প্রায় ৩০ ফুটেরও উপরে প্রশস্ত।
সাচনাবাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আল আজাদ জানান, সাচনাবাজারের চালি সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। কি কারণে কেন উচ্ছেদ হচ্ছে না তা আমার জানা নেই। বাজারের রাস্তা পরিস্কারের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম করিম শামীম জানান, সাচনাবাজারের মাঝ রাস্তা দখল করে দোকান বসানোর ফলে বাজারের ভিতরে নানান সমস্যা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন, সাচনা বাজারের রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা খুব দ্রতই উচ্ছেদ করা হবে। ভাসমান ব্যবসায়ীদের পুর্নবাসনের জন্য যাচাই বাছাই করে তাদেরকে খাসভূমি বন্দোবস্ত দেওয়া হবে। যাদের নামে সাচনাবাজারে রেকর্ডিয় ভূমি ও খাসভূমি বন্দোবস্ত আছে তারা কেউ বন্দোবস্ত পাবে না।


