আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন শেষ হলো। প্রত্যাশিতভাবেই শেখ হাসিনা সভাপতি পদে বহাল রয়েছেন। সাধারণ সম্পাদক পদে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাবেক ছাত্র নেতা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেই নির্বাচিত করা হয়েছে। সিলেটের সুসন্তান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে প্রেসিডিয়ামে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রেসিডিয়ামের ১৯ পদে শিক্ষামন্ত্রী ছাড়াও আরও ৫ নতুন নেতাকে নেয়া হয়েছে। তাঁরা হলেন আব্দুর রাজ্জাক, ফারুক খান, আব্দুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য। প্রেসিডিয়ামের তিনটি পদ এখনও শূন্য রয়েছে। অপর দিকে চারটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই পদের একটিতে নতুন মুখ এসেছেন, আব্দুর রহমান। সাংগঠনিক সম্পাদকসহ অবশিষ্ট ৬০ পদ সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম মেম্বারদের সাথে আলোচনা করে শীঘ্রই মনোনয়ন দিবেন বলে জানা গেছে। বর্ণাঢ্য ও জাতীয়-আন্তর্জাতিকভাবে আগ্রহের কেন্দ্রবিন্দেুতে থাকা আওয়ামী লীগের ২০ তম সম্মেলন শুরু হওয়ার বেশ আগে থেকে সাধারণ সম্পাদক পদে কে আসছেন এ নিয়ে ছিল ব্যাপক আলাপ-আলোচনা। সজ্জন ও দুর্দিনের কা-ারী সৈয়দ আশরাফুল ইসলামই থাকবেন নাকি চৌকষ ও সাংগঠনিকভাবে দক্ষ ওবায়দুল কাদের আসছেন এই পদে, এ নিয়ে কাউন্সিলর, ডেলিগেট, সাধারণ নেতা-কর্মী, গণমাধ্যম ও জনসাধারণের মাঝে ব্যাপক আগ্রহ ছিল। এই দুই জনকে ঘিরে দলীয় কাউন্সিলররাও বিভক্ত ছিলেন। অবশেষে সৈয়দ আশরাফুল ইসলামের প্রস্তাবেই ওবায়দুল কাদের সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে এই জল্পনা কল্পনার অবসান ঘটল। আমরা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন ও তাঁর কর্মকালের সফলতা কামনা করি।
এক এগারো পরবর্তী দুঃসময়ে সৈয়দ আশরাফুল ইসলাম প্রাজ্ঞ রাজনীতিক জিল্লুর রহমানের সাথে থেকে দলকে যেভাবে আগলে রেখেছিলেন সেটি আওয়ামী লীগের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। সৈয়দ আশরাফ ব্যক্তি হিসাবে অতি ভদ্র ও সজ্জন ছিলেন। রাজনীতির কোন খারাপ অনুষঙ্গ তাঁর মধ্যে দেখা যায়নি। নিজেকে পদে ধরে রাখার জন্য তাঁর ছিল না কোন গ্রুপিং-লবিং। এরকম একজন পরিচ্ছন্ন রাজনীতিক আমাদের জন্য বহুদিন উদ্হারণ হয়ে থাকবেন। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রয়েছে দীর্ঘ এক সংগ্রামমুখর রাজনৈতিক অতীত। ছাত্র রাজনীতির মাধ্যমে নিজেকে ধীরে ধীরে বড় পদে আসার জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন। আশির দশকে ছাত্র লীগের সভাপতি হিসাবে তাঁর রয়েছে সংগ্রামী ভূমিকা। একজন কড়িৎকর্মা মন্ত্রী হিসাবে তাঁর সুনামের বিস্তৃতি ব্যাপক। শেখ হাসিনা এরকম একজন দক্ষ সংগঠককে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়ার মাধ্যমে সংগঠনে গতিশীলতা তৈরির পথটি সুগম করলেন। জাতীয় নির্বাচনের আর মাত্র দুই/আড়াই বছর বাকি রয়েছে। শেখ হাসিনা দলকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে এবং জনসাধারণের সাথে নেতা-কর্মীদের সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, আগামী নির্বাচনে যাতে কেউ কোন প্রশ্ন তোলার অবকাশ না পায় সেজন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। আমরা আশা করছি ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ভাল করেই বুঝেন এবং তাঁর গতিশীল নেতৃত্বে সংগঠনটি আরও বিকশিত হবে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ব্যক্তি, রাজনীতিক ও মন্ত্রী হিসাবে অতি সজ্জন ও দক্ষ হিসাবে সর্বমহলে সুপরিচিত। তাঁকে প্রেসিডিয়ামে অন্তর্ভূক্তকরণের মাধ্যমে শেখ হাসিনা নেতৃত্বে ক্লিন ইমেজের ব্যক্তিদেরই যে প্রাধান্য দিতে চান তার ইঙ্গিত পাওয়া গেছে। অবশিষ্ট যে ৬০টি পদ শূন্য রয়েছে সেগুলোতে এরকম পরিচ্ছন্ন ব্যক্তিদের আনার জন্য আমরা সংগঠনটির প্রতি আহ্বান জানাই। নবনির্বাচিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি রাজনীতির ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখুক এই আমাদের প্রত্যাশা।

