সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সমাবেশ-মানববন্ধন

স্টাফ রিপোর্টার
নোয়াখালী ইসকন মন্দিরসহ বাংলাদেশের বিভিন্ন মন্দির ও পূজাম-পে হামলা, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের আলফাত স্কয়ারে আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, কিছু দুষ্কৃতকারী সারাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। বাড়িঘরে আগুন দিয়ে লুটপাট করা হচ্ছে। একাত্তরে সকল ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্যে। এই দেশে এ ধরণের ঘটনা কাম্য নয়। যারা এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সুনামগঞ্জ জেলা শাখার পরিচালক রাধেশ্যাম, সদস্য অ্যাড. বিশ্বজিৎ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, ব্যবসায়ী বাবুল চৌধুরী, জেলা জাগ্রত ছাত্র সমাজের শিক্ষক শচিদুলাল নিমাই দাস প্রমুখ।
জাসদের মানববন্ধন
গুজব ছড়িয়ে বিভিন্ন স্থানে পূজা ম-প, মন্দির, ঘরবাড়িতে হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার দুপুর ২টায় শহরের হোসেন বখত চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের আকাঙ্খা থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। এখানে ধর্মীয় মৌলবাদের স্থান নেই। কোনো ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমাদের বাহাত্তরের সংবিধানের জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার কথা বলে হয়েছে। এসময় রাষ্ট্রধর্ম বাতিলের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি জিতেশ গুহ, সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ দেব।