দ. সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য জাবেদ আহমদ (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাবেদ সিলেটের জালালাবাদ থানার বাদেআলী (টুকের বাজার) গ্রামের সোহেল মিয়ার পুত্র। পুলিশ জানিয়েছে, সে একজন আন্তঃজেলা চোরচক্রের সক্রীয় সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ছালামত হোসেন মছকু মিয়ার বাড়ী থেকে একটি সিএনজি (ফোরষ্টোক) সুনামগঞ্জ থ-১১-০৫৪৩ চুরি হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ওই চোরাই সিএনজিটি নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় পৌঁছলে স্থানীয় সিএনজি (ফোরষ্ট্রোক) স্ট্যান্ডের লোকজনের সন্দেহ হলে সিএনজিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু চোর জাবেদ আহমদসহ অজ্ঞাতনামা ৩/৪ জন সিএনজিটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন সিএনজিও পিছু ধাওয়া করে জাবেদ আহমদকে চোরাই গাড়িটিসহ আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ সিএনজি ও আটককৃত চোরকে উদ্ধার করে এবং চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। চুরি যাওয়া গাড়ীসহ চোর আটকের খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ চোরাই গাড়ীসহ চোরকে চুনারুঘাট থানা থেকে দক্ষিণ সুনামগঞ্জে নিয়ে আসে।
এঘটনায় শুক্রবার চুরি যাওয়া সিএনজি গাড়ীর চালক পাগলা শত্রুমর্দন গ্রামের মৃত ছোয়াব আলীর ছেলে শাহীন মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত চোরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
- গ্রীণবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সভা
- বিশ্বম্ভরপুরে ১০ টাকায় চাল বিক্রি পরিদর্শন করেন ইউএনও


