সিলেটে সেফহোমে পাঠানো হলো সেই ভারতীয় কিশোরীকে

তাহিরপুর প্রতিনিধি
ভারতের শিলিগুড়ির শ্রুতি পাল নামের ১৩ বছরের সেই কিশোরীর অবশেষে ঠাইঁ পেল সিলেটের বাগবাড়ির সেফ হোমে (নিরাপদ নিবাস)। তাহিরপুর থানা পুলিশ রবিবার সুনামগঞ্জ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শ্রুতি পালকে হাজির করলে আদালত তার বক্তব্য শোনে পুলিশী নিরাপত্তায় তাকে সেফ হোমে পাঠানোর আদেশ দেন।  
জানা যায়,  ভারতের শিলিগুড়ির  প্রয়াত গণেশ পাল ও দুর্গা রাণী পাল দম্পতির কিশোরী কন্যা শ্রুতি পাল আন্তজার্তিক সীমান্ত অতিক্রম করে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বসে হিন্দিতে কথা বলতে থাকলে বাজারবাসীর নজরে পড়ে। পরে বাজারের লোকজন দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যার বাড়িতে তার রাত্রি যাপনের ব্যবস্থা করে দেন । পরদিন শনিবার সারাদিন গ্রামবাসী  
তার ভাষা বুঝতে না পেরে শনিবার রাতে থানায় খবর দিলে পুলিশ শ্রুতি পালকে তাদের হেফাজতে নেয়।’
শ্রুতিপাল কখনও জানায়, কাঁটা তারের বেড়ার নীচ দিয়ে আবার কখনও বাসযোগে শিলিগুড়ি থেকে পার্শ্ববর্তী মেঘালয় পাহাড়ের ওপারের সীমান্ত অতিক্রম করে শুক্রবার বাংলাদেশে প্রবেশ করেছে।   
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর  জানান,  শ্রুতি পালের ব্যাপারে রাতে থানায় সাধারণ ডায়েরী করে রবিবার আদালতে হাজির করা হয়। ঐ দিনই অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহিদুল আমিন ওই কিশোরীকে নারী পুলিশী নিরাপওার মধ্য দিয়ে সিলেটের বাগবাড়ি সেফ হোমে পাঠানোর আদেশ প্রদান করেন।