দেওয়ান গিয়াস চৌধুরী
২০০১ সালে সিলেট শহরে বাগবাড়ি শামীমাবাদ এলাকায় বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিই সিলেট বিভাগের সর্ব প্রথম বেসরকারি ইউনিভার্সিটি। প্রতিষ্ঠান পর থেকেই বিভিন্ন অনুষদের পাশাপাশি আইন অনুষদ ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি করছে। প্রতি বছরই এই প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে আইন পরীক্ষায় পাশ করে আইন পেশায় নিযুক্ত হচ্ছেন বহু ছাত্র।
দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তোলার লক্ষে সিলেট ভিত্তিক একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত, অলাভজনক, মানবতাবাদী সংস্থা ‘গুলশান ফাউন্ডেশন ফর এডুকেশন ডেভেপমেন্ট’ এর পৃষ্ঠপোষকতায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমদ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই ইউনিভার্সিটি। প্রতিষ্ঠাকালীন ভিসি ছিলেন অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ চৌধুরী। বর্তমানে এই ইউনির্ভাসিটির বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ।
বেসরকারি এই ইউনিভার্সিটিতে দিবা ও সন্ধ্যাকালীন দু’টি প্রোগ্রাম চাল রয়েছে। ২০০১ সালে ইউনিভার্সিটিতে আইন অনুষদসহ চারটি অনুষদ রয়েছে। ইউনিভার্সিটির আইন অনুষদে বর্তমানে দিবা শাখায় অনার্স বিভাগে ১২০০ জন ও সন্ধ্যাকালীন গ্রোগ্রামে ৩০০ জন শিক্ষাথী রয়েছেন। আইন অনুষদে নিয়মিত পাঠদান করেন ১৭ জন শিক্ষক, অনিয়মিতভাবে পাঠদান করেন আরো ১৪ জন শিক্ষক।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিভার্সিটির মোট অনুষদ চারটি, ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৬০০০, শ্রেণি কক্ষের সংখ্যা ৪৫ টি, পূর্ণকালীন শিক্ষক রয়েছেন ৯০ জন ও খণ্ডকালীন শিক্ষক রয়েছেন ৪০ জন, ইউনিভার্সিটির লাইব্রেরীতে প্রায় ৪০ হাজার বই রয়েছে, ল্যাবরেটরী রয়েছে ৬টি। মেধাবী ও আর্থিক সমস্যাগ্রস্ত ছাত্র-ছাত্রীদের ২০ থেকে শতভাগ পর্যন্ত টিউশন ফি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শতভাগ টিউশন ফি মওকুকের সুবিধা। এসএসসি ও এইচএসসির মোট জিপিএ- ৯ হলে ছাত্রদের টিউশন ফির ৫০ ভাগ ও ছাত্রীদের ৬০ ভাগ টিউশন ফি মওকুফ করা হয়। ভাই-বোন একসাথে ভর্তি হলে ১ জনের টিউশন ফি অর্ধেক মওকুফ করা হয়।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য একেএম আব্দুল আহাদ বলেন, ‘এই ইউনিভার্সিটির শিক্ষকদের আন্তরিক পাঠদানের ফলে চার বছর ক্লাশ শেষ করে বার কাউন্সিলের পরীক্ষায় প্রথমবারই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে যাই। ’
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম ব্যাচের শিক্ষার্থী সিলেট আইনজীবী সমিতির সদস্য ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বর্তমান শিক্ষক সারোয়ার আহমদ বলেন,‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগ চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউনিভার্সিটির শিক্ষার মান ভাল থাকায় সিলেট বিভাগের প্রত্যেক জেলা থেকে প্রতি বছর শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন এবং চার বছর সাফল্যের সাথে অনার্স শেষ করে আইন পেশায় নিয়োজিত হয়েছেন।’
ইউনিভার্সিটির আইন অনুষদের প্রধান মো. হুমায়ূন কবির বলেন,‘ সিলেট বিভাগের চার জেলায় কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ না থাকায় এই ভার্সিটির আইন বিভাগে শিক্ষার্থীরা বেশী ভর্তি হচ্ছেন। গত ১৫বছরে এই ভার্সিটির ভাল ফল করায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে।’
ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস বলেন,‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সবগুলো ডিপার্টমেন্টই অত্যন্ত ভাল। আমরা চেষ্টা করি সবগুলো ডিপার্টমেন্টে ভাল ফলাফল অর্জন করুক। তাই ভালমানের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের নিয়োগ দিয়েছি। তাদের প্রচেষ্টায় ভার্সিটি দিন দিন ভাল করছে। তার মধ্যে আইন বিভাগ বেশী ভাল করছে। আমরা দেখছি প্রতি বছরই আমাদের ছাত্ররা বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন কোর্টে আইন পেশায় প্র্যাকটিস করছেন।


