সুনামগঞ্জের প্রথম ব্যান্ড দল প্যাপিরাস ব্যান্ড

বাবর বখত
একটি ব্যান্ড দলের ইতি কথা
..আশির দশক বিভিন্ন কারণে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে । এই দশকে  অনেক ভাল ভাল বিষয় আমাদের জীবনে  সংযুক্ত হয়েছিল । তখন  আমাদের যৌবন এর প্রথম প্রহর ।  যে দিকে তাকাই শুধু ভাল লাগা আর ভালোবাসার হাত ছানি । আমাদের  বন্ধুদের  একটা গ্রুপ ছিল । সব সময় আমরা ভাল কিছু করার প্রচেষ্টায়  নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা  করতাম । আমাদের মাঝে কেউই সিরিয়াস রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না । তা না হলে দলাদলি মতপার্থক্য এবং পরে বন্ধনে ভাংগনের উপসর্গ দেখা দিত । তা কখনো হয়নি । তাই আমাদের  মাঝে রাজনীতি নামক জটিল ব্যপারটি কখনই প্রশ্রয় পায়নি । তবে  সবাই রাজনীতি সচেতন ছিল । একে অন্যের রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিল। আমরা সবাই স্বাধীনতার পক্ষের পরিবারের  সন্তান ছিলাম । তাই আদর্শ গত কোন সমস্যা আমাদের মাঝে কখনই বাধা হয়ে দাঁড়ায় নি । আমাদের চলাফেরা  ছিল মার্জিত  । কখনো ইতু ভাই এর নেতৃত্বে সায়েন্স ক্লাব নিয়ে ব্যস্ত কিংবা কবি রোকেস ভাই এর দোতলা  বারান্দায় কবিতা আড্ডা নিয়ে ব্যস্ত অথবা কবি গোলাম রব্বানী ভাই কে তার লিখা নাটক ” সুমতির মুখে সেফটিফিন ” মঞ্চস্থ হতে সাহায্য করতে ব্যস্ত ছিলাম । এই ভাবেই আমাদের  সময় কেটেছে । তখন  আমাদের অন্য বন্ধুরা কেউবা মাঠে খেলা নিয়ে আবার কেউবা উকিল পাড়ার সিতেশ দার দোকানে আড্ডায় ব্যস্ত সময় কাটিয়েছেন ।  আমরা কিন্তু তা করিনি । আমরা করতে চাইতাম ভিন্ন কিছু ।  সুনামগঞ্জ এর তরুণরা এর আগে কখনই যে বিষয়টি নিয়ে ভাবেনি । আর সেই সব ভিন্ন অথচ নতুন বিষয় নিয়ে অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও আমরা এর থেকে পিছ পা হইনি । নতুন এর সন্ধান এ আমরা ছুটে চলেছিলাম । তখনকার দিনে আমাদের একটি স্বপ্ন  প্রকল্প ছিল । প্রকল্পটি হল গানের দল গঠন করা । গান, বাজনার প্রতি আমাদের সবার আগ্রহ ছিল কিন্তু গানের দল গঠন করা, কারও কোন পূর্বঅভিজ্ঞতা ছিল না । শুধু মাত্র সাহসের উপর নির্ভরশীল হয়ে  আমরা আমাদের  সেই দুর্গম যাত্রা শুরু করেছিলাম  । প্রাথমিক বৈঠকটি করে ছিলাম হোটেল জালালাবাদ এর ৩১ নম্বর রুমে । সেখানে উপস্থিত ছিলো  আব্দুল আলীম কামাল , সাব্রী সাবেরীন, বাবর বখ্ত, তৌফিক দোলন, আহমেদ পারভেজ সামী, মইনুদ্দীন আহমদ জালাল ।
আমাদের মাঝে সব চেয়ে লাজুক প্রকৃতির ছেলে ছিল জালাল । তার সাফ কথা সে সব ধরনের সাহায্য করতে রাজি কিন্তু স্টেইজে উঠে গান করতে সে পারবে না । তাকে অবশ্য কোন দিনই স্টেইজে উঠতে হয়নি কিন্তু পর্দার আড়ালে থেকে সে আমাদের সব ধরনের সাহায্য করেছিল । আমাদের মেইন ভোকাল ছিল আব্দুল আলীম কামাল।        
মৌসুমী গায়ক সাবেরীন, বাবর, দোলন । মোটামুটি এই ভাবে ছক করে ব্যন্ডের রূপরেখা সাজানো হয়েছিল । দলটির  নাম কি দেয়া যায় তাই নিয়ে বিস্তর আলোচনা । সাবেরীনের প্রস্তাব সভায় সর্ব সম্মতি ক্রমে পাশ হয়, ‘পেপিরাস’ । আমরা ছিলাম উদার । তাই সময় সময় স্টেইজের পারফমেন্সের প্রয়োজনে অন্যান্য বন্ধুদেরও স্টেইজে পারফরমেন্স এর সুযোগ করে দিতাম  । তাদের মধ্যে ইজাজ আহমদ অপু, আবদুছ ছালাম, ফজলুল কবির তুহিন অন্যতম ।
ব্যন্ড করতে বাদ্যযন্ত্র লাগে । তখনকার দিন  এমন বাদ্যযন্ত্র বাজানোয় কারও পূর্বঅভিজ্ঞতা ছিল না । বাদ্যযন্ত্র কিনতে  টাকা প্রয়োজন, টাকা আসবে কোথা থেকে ? এই রকম অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল । আমাদের সমস্ত উৎসাহ, উদ্দীপনা অর্থের কাছে পরাজিত হবে এ আমরা কখনই মেনে নিতে পারছিলাম না আবার এর সমাধানও খুঁজে পাচ্ছিলাম না । আর অর্থের এক মাত্র উৎস চাঁদা তোলা । কে আমাদের চাঁদা দেবে ? ভেবে সবাই অস্থির ।
ধনপতিদের নাম লিস্ট করা  হল । লিস্টে যাদের নাম তারা অর্থে বলিষ্ট ঠিকই কিন্তু মনের দিক দিয়ে বলিষ্ট  কিনা আমাদের জানা নেই । এর ফাঁকে একটি গান এর দলে কি ধরনের বাদ্যযন্ত্র প্রয়োজন তারও কোন অভিজ্ঞতা নেই। এই জন্য সুনামগঞ্জ এর স্থানীয় গুণী শিল্পীদের কাছ থেকে আইডিয়া নেবার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল । আমাদের উদ্যোগে সবাই অবাক । যা হোক তখন বাংলাদেশের প্রথম ব্যন্ড দল ‘সোলস’ দাপটের সাথে বিভিন্ন প্রোগ্রাম  করে তরুণ সমাজকে মাতিয়ে রেখেছে ।
মেজর (অব) ইকবাল হোসেন চৌধুরী তখন এরশাদ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী । দিলু দা ইকবাল ভাই এর পিএ । দুজনই আমাদের আপন জন । সিদ্ধান্ত হল চাঁদা তুলতে মন্ত্রী মহোদয়ের বাসায় যাওয়া হবে । আমরা ইকবাল ভাই এর সুনামগঞ্জ আসার অপেক্ষায় থাকলাম । এক সময় তিনি সুনামগঞ্জ আসলেন । আমরা মোটামুটি সবাই উনার সামনে গিয়ে দাঁড়ালাম । আমাদেরকে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করলেন । আমাদের সব কথা মনোযোগ সহকারে শুনলেন । আমাদের স্বপ্নের গুরুত্ব বিবেচনা করে আমাদেরকে তিনি কংগো, বংগ জিপসি কেনার অর্থ প্রদান করলেন । আমাদেরকে আর কারও কাছে অর্থের জন্য হাত পাততে হয়নি । এই ভাবে ইকবাল ভাই আমাদের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ।  উল্লেখ করা প্রয়োজন ” পেপিরাস” সুনামগন্জ এর প্রথম গান এর দল ছিল । সারা বাংলাদেশে ” সোলস ” এর পরেই যার অবস্থান ।