স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আজ রোববার থেকে অনলাইন পাঠশালা কার্যক্রম শুরু হচ্ছে। ‘মুজিববর্ষের আকর্ষণ প্রাথমিক শিক্ষা ডিজিটালাইজেশন’- এই স্লোগান নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়ন্ত্রণে এ কার্যক্রম কার্যক্রম চালু করা হচ্ছে। গতকাল শনিবার অনলাইন পাঠশালা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেন্ডেন্ট নির্মল চন্দ্র শর্মা। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন সভাপতিত্ব করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, তারা দুটি পদ্ধতিতে অনলাইন পাঠদান শুরু করেছেন। একটি হচ্ছে ১৫-২০ মিনিটের রেকর্ড করা পাঠদান, আরেকটি হচ্ছে মোবাইলে পাঠ নেওয়া। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ১৫-২০ মিনিটের পাঠদান রেকর্ড করে জেলা প্রশাসনকে দেওয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও উন্নয়ন) তদারকিতে সেটি স্থানীয় স্যাটেলাইটগুলোতে সম্প্রচার করা হবে। মোবাইলে পাঠদানের বিষয়টি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদারকিতে চলবে।


