সুনামগঞ্জে করোনা শনাক্তকরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন মতিউর রহমান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার শ্রমজীবীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দলীয় নেতৃবৃন্দ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দিনভর বিভিন্ন এলাকায় এই সহায়তা পৌঁছে দিয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদ সুনামগঞ্জে করোনা শনাক্তকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
মতিউর রহমান জানান, সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর এলাকায় তাঁর পক্ষ থেকে বারকী শ্রমিক, পরিবহন শ্রমিকসহ শ্রমজীবী ৪৫০ পরিবারকে চালসহ নিত্যপণ্য পৌঁছে দিয়েছেন নেতা কর্মীরা। একইভাবে দিরাই-শাল্লায় ৪০০ জনকে ১০ কেজি করে চাল পৌঁছে দেওয়া হয়েছে।
প্রবীণ রাজনীতিবিদ মতিউর রহমান সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে বলেছেন, হাওরাঞ্চলের বড় জেলা সুনামগঞ্জে করোনা শনাক্তকরণের ব্যবস্থা থাকা প্রয়োজন। এখান থেকে নমুনা সংগ্রহ করে সিলেটে বা ঢাকায় পাঠানো কষ্টসাধ্য। এজন্য এই জেলায় করোনা শনাক্তকরণের ব্যবস্থা দ্রুত করা প্রয়োজন।