বিন্দু তালুকদার
গত ৩০ এপ্রিল রোববার রাতে কালবেশাখীর তা-বে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ২ হাজার ৮৮৮ টি ঘরবাড়ি বিধ্বস্ত, সাড়ে ৮ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত, বিভিন্ন স্থাপনার ক্ষতি ও ৮৪ জন আহত হয়েছিলেন বলে জানা গিয়েছিল।
উপরের তথ্যটি ছিল সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার। যদিও এর পরে আরো বেশ কয়েক দফা ঝড় বয়ে গেছে জেলার উপর দিয়ে। কাঁচা ঘর-বাড়ি ও গাছপালা ক্ষতি হয়েছে ব্যাপক।
কালবৈশাখী ঝড়ের পর সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাছে মওজুদকৃত ২৩০ বান্ডিল ঢেউটিন ও ৬ লাখ ৯০ হাজার টাকা বেশী ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছিল।
বাঁধ ভেঙে বোরো ফসলহানির পর কালবৈশাখীর তান্ডব ছিল জেলাজুরে নতুন দুর্যোগ। ঝড়ের কবলে পড়ে হাজার হাজার কাঁচা ঘর-বাড়ির চালাসহ সবকিছুই উড়ে গিয়েছিল। রাতের আঁধারে অনেকেই সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটিয়েছেন ।
সদর উপজেলার কালীপুর গ্রামের বাসিন্দা মাজেদা বেগম (৩৩) বলেন, ‘আমরা যে বাঁচছি এইটাই বড় কথা। ইলা লারা (ঝড়) আমি আমার জীবনে দেখছি না। ঘর-দুয়ার ভাঙ্গি গেছিলও। ঘর-বাড়ি ঠিক করনের লাগি সায্য পাইছিনা।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউপির কান্দিগাঁও গ্রামের শাহাব উদ্দিন বলেন,‘ কাল বৈশাখী ঝড়ে আমার ও আরো তিনজনের ঘর-বাড়িসহ সবকিছু এক হাওর থেকে আরেক হাওরে নিয়ে ফেলেছিল। পরের দিন ইউএনও ও উপজেলা চেয়ারম্যান দেখতে এসেছিলেন। ইউএনও চারটি পরিবারকে ১ হাজার করে ৪ হাজার টাকা দিয়েছেন। আর কোন সহযোগিতা পাওয়া যায়নি।’
সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব বলেন, ‘কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কোন সহায়তা আসেনি। অনেকে ঋণ করে ঘরবাড়ি ঠিক করেছেন, অনেকের বাড়িঘর ঠিক করতে পারেন নি। দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।’
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন উপজেলা পর্যায়ে ২৩০ বান্ডিল ঢেউটিন
ও ৩ হাজার করে প্রায় ৭ লাখ টাকা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামতের জন্য ৫ হাজার বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার করে দেড় কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ে চাওয়া হয়েছিল। তবে রোববার পর্যন্ত ঢেউটিন বা নগদ টাকা বরাদ্দ হয়নি বা বরাদ্দের কোন খবর পাওয়া যায়নি।


