সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধনের আনুষ্ঠানিকতা স্থগিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধনের কার্যক্রম স্থগিত করার আদেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতে সুনামগঞ্জ পৌরসভার কিচেন মার্কেটের ইজারাদার আমির হোসেনের করা রিট পিটিশনে বৃহস্পতিবারের উদ্বোধন স্থগিত করার আদেশ হয়। বুধবার বিষয়টি জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মৎস্য কর্মকর্তার নিকট আবেদন করেছেন ইজারাদার আমির হোসেন।
আবেদন উল্লেখ করা হয়, চলতি মাসের ১৪ তারিখে জেলা মৎস্য কর্মকর্তা স্বাক্ষরিত স্মারক পত্রের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হন। একারণে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৪০৩ নম্বর রিট পিটিশন দায়ের করলে আদালত জেলা মৎস্য কর্মকর্তার জরুরী বিজ্ঞপ্তির আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন। এই স্থগিতাদেশের কারণে সুনামগঞ্জ পৌর কিচেন মার্কেটের আড়ৎতদার ও পাইকারী মৎস্য বাজার স্থানান্তরের সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
ইজারাদার আমির হোসেন বলেন, চলতি বছরের এপ্রিলের ১৪ তারিখ আগামী ১ বছরের জন্য পৌরসভার কাছ থেকে কিচেন মার্কেট প্রায় ৬৫ লাখ টাকা দিয়ে ইজারা নিয়েছি। এখন সেখান থেকে আড়ৎদারেরা চলে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। তাই উচ্চ আদালতে রীট করেছি। আদালত রীটের প্রেক্ষিতে ৩ মাসের জন্য মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন স্থগিত করেছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. আবু সাঈদ ফিরোজ বলেন, উচ্চ আদালতে একজন ইজারাদার রিট করেছেন। এজন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন স্থগিত করেছি আমরা। তবে যেহেতু এটি আড়ৎদারদের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করেছেন, তাই কোনো আড়ৎদার যদি আসতে চায় আমরা বাধা দিবো না।