‘সুনামগঞ্জ রেলপথ অনুমোদনের অপেক্ষায়’

সু.খবর ডেস্ক
দেশের সকল জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। বুধবার সংসদে জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এরই  ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা সদরকে রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ‘সুনামগঞ্জ জেলা সদরে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। এটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, ‘কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (কেওআইসিএ)’র ২০১৮ সালের অনুদান সহায়তা প্রাপ্তির লক্ষ্যে প্রকল্পের ‘প্রজেক্ট কনসেপ্ট পেপার’ প্রণয়ন করে গত ২০১৬ সালের ১৮ ডিসেম্বরে রেলপথ মন্ত্রণালয় থেকে ইআরডিতে এবং ইআরডি থেকে গত ২০১৭ সালের ১৮ জানুয়ারিতে কেওআইসিএ-তে প্রেরণ করা হয়।
রেলপথমন্ত্রী বলেন, সমীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে প্রকল্প কারিগরি, পরিবেশগত, সামাজিক ও আর্থিকভাবে বাস্তবায়নযোগ্য ‘ভায়েবল’ বিবেচিত হলে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণ করা হবে।