সুনামগঞ্জ সদর উপজেলার আরেক নারীর করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পরীক্ষাগারে সুনামগঞ্জের আরেকজন নারীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার ওসমানী মেডিকেল কলেজে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
জানা যায়, করোনা আক্রান্ত ওই নারীর বয়স ২৫। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৮ নং ওয়াডর্ের বেরীগাঁও গ্রামে। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তার শরীরের নমুনা রোববার ওসমানী মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। গত শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছেন।
সন্তান প্রসবের জন্য সুনামগঞ্জ থেকে সিলেটে আসা ওই নারীর (২১) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে আসা চিকিৎসক এবং অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার সকালে ওই নারীকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বামী ৩-৪দিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তার মাধ্যমেই স্ত্রী সংক্রমিত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ওই নারীর করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেয়। গত শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান জন্মদানের পর উপসর্গ বেড়ে যায়। পরে তাঁর নমুনা সংগ্রহ করে হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষাগারে পাঠানো হয়। গতকাল রোববার রাতে ওই প্রসূতির পরীক্ষার ফলে করোনাভাইরাস পজিটিভ আসে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের নারীর শরীরে রোববার পরীক্ষার পর করোনাভাইরাস ধরা পড়েছে।
যেহেতু আক্রান্ত নারী ওসমানী মেডিকেলের গাইনী বিভাগে চিকিতসাধীন ছিলেন তাই এ বিভাগ ১৪ দিনের জন্য বন্ধ রাখা হতে পারে বলেও তিনি জানান।