সুবিধাবঞ্চিত শিশুদের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার
‘শিশুদের অধিকার জানা ও প্রকাশ করার মধ্য দিয়ে শিশুরা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে ভাল মানুষ হিসেবে গড়ে উঠবে’ এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জে প্রথমবারের মতো সুবিধাবঞ্চিত শিশুদের সম্মিলিত জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্তরের ৪ শতাধিক শিশু অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন এডিপি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ অঞ্চলের ম্যানেজার  দিবুদান বিশ্বাসের সভাপতিত্বে এবং সুমন রোজারি ও শারমিন আক্তারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মহিলা সংস্থার সভানেত্রী শিলা রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ন্যাথালেন ফেয়ারক্রস, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন  ধরেন গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় খুদে শিল্পীরা।
সভায় বক্তারা বলেন, ‘আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। তাদেরকে অবহেলার চোখে না দেখে সম্মিলিতভাবে প্রতিটি শিশুকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।