সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে ঢাকায় সভা ও প্রার্থনা

সু.খবর ডেস্ক
প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে এক আলোচনায় তার জন্য হাহাকার করেছেন বক্তারা। তারা বলছেন, এই নেতার মৃত্যুতে রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রের যে ক্ষতি হয়েছে সেটা কখনও পূরণ হওয়ার নয়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংস্কৃতিক জোট আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। গত রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান দীর্ঘদিন রোগে ভোগা সুরঞ্জিত। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,     
 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও গভীর শোক প্রকাশ করেছেন। বলেছেন, জাতি এই নেতাকে কোনোদিন ভুলবে না।
আলোচনা সভায় নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘সুরঞ্জিত বাবুর কথা ছিল অনেক প্রাঞ্জল। আমি যখন কথা বলতাম তখন তিনি আমায় ভালোভাবে কথা বলার জন্য উৎসাহ দিতেন।’
নৌমন্ত্রী বলেন, ‘আমার অনেক সৌভাগ্য তার সঙ্গে আমি সংসদ সদস্য ছিলাম। তিনি আমার কাছে শিক্ষকের মত ছিলেন। আমি এই পর্যন্ত তার মুখে খারাপ কথা বলতে দেখিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ করা সম্ভব নয়।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সুরঞ্জিত বাবু আমার অনেক কাছের মানুষ ছিলেন। তিনি সবাইকে দেশের জন্য ভালো কাজ করার উপদেশ দিতেন। তিনি সংবিধান রচনায় যে অবদান রেখেছেন তা কখনোই জাতি ভুলবে না। তার মত অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বাংলাদেশে আর আছে বলে আমি মনে করি না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিজের প্রাণকে বাজি রেখে প্রধানমন্ত্রীকে রক্ষা করেছিলেন। তাঁর মত মানুষকে এভাবে চলে যাওয়া কোনো ভাবেই কাম্য নয়।’
অভিনেত্রী রোকেয়া প্রাচী জানান, ‘স্বাধীন বাংলাদেশে সুরঞ্জিতের ত্যাগ কোনোভাবেই ভুলার নয়। তার মত মানুষদের ত্যাগের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীন দেশকে পেয়েছি। এই দেশকে সামনে এগিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।’
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আবৃত্তিকার মনোরঞ্জন ঘোষ, অভিনেতা ইনামুল হক।
এদিকে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এর আত্মার শান্তি কামনায় শুক্রবার সারাদেশে বিভিন্ন মঠ-মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এই প্রার্থনা সভার আয়োজন করেছে।
কেন্দ্রীয়ভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় নেতৃবৃন্দ তার স্মৃতিচারণ করেন। নেতৃবৃন্দ বলেন, আমরা যে মহান নেতা হারিয়েছি তা কখনো পূরণীয় নয়। তার আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে।
মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায় এর পরিচালনায় প্রার্থনা সভায় স্মৃতিচারণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, নিম চন্দ্র ভৌমিক, দূর্গাদাশ ভট্টাচার্য্য, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, পংকজ দেব নাথ এমপি, সুজিত রায় নন্দী, সুভাষ সিংহ রায়, রঞ্জন কর্মকার, বিরেন অধিকারী, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ।