সেলু নৌকায় অতিরিক্ত ভাড়া আদায়

স্টাফ রিপোর্টার
তিন দফা বন্যায় নবীনগর-ধারারগাঁও সড়ক ভেঙে যাওয়ায় নদীর উত্তরপাড়ের ৩ ইউনিয়নের লক্ষাধিক মানুষ শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিকল্প মাধ্যম হিসাবে হালুয়ারঘাট থেকে শহরের বালুমাঠ চলাচলকারী সেলু নৌকা দিয়ে এলাকার বেশিরভাগ মানুষ আসা-যাওয়া করছেন। কিন্তু সড়ক ভেঙে যাওয়ার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করে চলেছেন সেলু নৌকার চালকেরা। সেলু নৌকার ভাড়া কমানোর দাবি যাত্রীদের।
সেলু নৌকার একাধিক যাত্রী জানান, নবীনগর-ধারারগাঁও সড়ক ভেঙে যাওয়ার আগে সেলু নৌকায় প্রতিজনে ভাড়া নেওয়া হতো ১০ টাকা করে। সড়ক ভেঙে যাওয়ার পর এই ভাড়া বৃদ্ধি করে ১৫ টাকা করে আদায় করা হচ্ছে প্রতিজনে। শুক্রবার বিকালে এই সেলু নৌকার ভাড়া প্রতিজনে ২০ টাকা করে আদায় করা হয়েছে এমন কথা জানান তারা।
সেলু যাত্রী চিনাউড়া গ্রামের সহিদ মিয়া জানান, যে সময় এই সেলু নৌকা প্রায় যাত্রীশূন্য চলাচল করত, তখন ভাড়া নেওয়া হতো ১০ টাকা করে প্রতিজনে। এখন প্রতি সেলু নৌকা বুঝাই যাত্রী নিয়ে চলাচল করে। আমাদের ভাড়া দিতে হয় ১৫ টাকা করে। এই ভাড়া কমিয়ে আনা উচিৎ।
সেলু যাত্রী সবাব মিয়া জানান, শুক্রবার বিকালে সেলু নৌকার ভাড়া আমরা ২০ টাকা করে দিয়েছি। নবীনগর-ধারারগাঁও সড়ক ভেঙে যাওয়ার ॥সুযোগে এভাবে ভাড়া বাড়ানো মুটেই উচিৎ নয়। সেলু ভাড়া প্রতিজনে ১০ টাকা করার দাবি আমাদের।
হালুয়ারঘাট-বালুরমাঠ চলাচলকারী ২১ নম্বর সেলু নৌকার চালক জামাল হোসেন বলেন, প্রতিজনে ভাড়া ১৫ টাকা। আমরা বেশি টাকা দিয়ে সিরিয়েল এনেছি। তাই ২০ টাকা করে ভাড়া প্রতিজনে আদায় করছি।