সৌমেনের গণসংযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তা’র পক্ষে গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক করছেন ছেলে সৌমেন সেন গুপ্ত। বুধবার শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের ৮ টি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোন কোন গ্রামে ঘরে ঘরে গিয়ে গণ-সংযোগ করেছেন সৌমেন।
এর আগে মঙ্গলবার ড. জয়া সেন’এর পক্ষে উপজেলার বাহাড়া ইউনিয়নের রৌয়া, গোবিন্দপুর, নাইন্দা, মেঘনা, হরিপুর, কল্লি ও রূপসা গ্রামে উঠান বৈঠক হয়েছে।
বুধবার উঠান বৈঠক হয়েছে শাল্লা ইউনিয়নের বড় হাফদা, ঈশাকপুর, শ্রীহাইল, ছোটহাফদা, শিবের কান্দা, মনোয়া, কৃষ্টপুর, সইদেব পাশা, পাড়াখালি,  
ছব্বিশা ও ধামপুর গ্রামে। এসময় সৌমেন সেন গুপ্ত, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিবেকা নন্দ মজুমদার, আওয়ামী লীগ নেতা সুবল চন্দ্র দাস, আবুল লেইস চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, আব্দুল গণি, যুবলীগ নেতা তকবির হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সৌমেন প্রতিটি উঠোন বৈঠকেই বলেছেন, ‘বাবার (প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত) জীবন কেটেছে, আপনাদের সঙ্গে, বাবা আপনাদের ভালবাসতেন, আপনার বাবাকে ভালবেসে জাতীয় নেতা তৈরি করেছিলেন। ৮ বার সংসদে পাঠিয়েছেন। বাবা সব সময় তাঁর দরজা আপনাদের জন্য খোলা রেখেছেন। এই দরজা এখনো খোলা আছে, থাকবে। আমার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাকে দলীয় প্রতীক নৌকা তুলে দিয়েছেন। এই প্রতীকের সঙ্গে জাতীর জনক বঙ্গবন্ধু’র সম্মান জড়িত। আপনারা দয়া করে নৌকায় ভোট দিয়ে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেবেন বলে বিশ্বাস করি আমরা।’