স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের নবীনগরে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযাগে এক শ্রমিক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ওই শ্রমিক লীগ নেতার নাম মলয় চন্দ (৩৬), তিনি
শহরের নবীনগর ধোপাখালী এলাকার মনিন্দ্র চন্দ’র ছেলে। রোববার রাতে শহরের নবীনগরে এই ঘটনা ঘটে।
নির্যাতিত স্কুল ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। এ ঘটনায় মলয় চন্দের বিরুদ্ধে রোববার রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা। মলয় চন্দ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং তিন সন্তানের জনক বলে জানা গেছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
তবে জেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য এই ঘটনার অনেক আগেই মলয় চন্দকে শ্রমিক লীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার সাথে শ্রমিক লীগের কোন সম্পর্ক নেই।
মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে পৌর এলাকার নবীনগরে ওই স্কুল ছাত্রীর বাড়ির পাশে নামকীর্তন অনুষ্ঠান চলছিল। তার পরিবারের লোকজন কীর্তনে চলে যায়। শ্রমিক লীগ নেতা মলয় চন্দ ওই ছাত্রীকে বসতঘর একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রীর এক সহপাঠী ঘটনাটি দেখে চিৎকার করলে স্থানীয়রা মলয় চন্দকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত মলয় চন্দকে গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
- জগন্নাথপুরে চাষাবাদ নিয়ে সংশয়ে ভুগছেন কৃষকরা
- সুদের টাকা না পাওয়ায় পিটিয়ে হত্যা- সুদখোর বাবলুর বিরুদ্ধে থানায় হত্যা মামলা


