বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম জাবেদ আলী (২৭)। তিনি উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে। সোমবার বিকাল সাড়ে চারটায় এক ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ রহমত আলী (২৭) নামের আরেক যুবককে আটক করেছে। তিনি পার্শ্ববতী বাঘবেড় গ্রামের আক্তার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার বাঘবেড় বাজারের পাশে জাবেদ আলীকে একা পেয়ে রহমত আলী প্রথমে তাকে রড দিয়ে এলোপাড়াতি মারধর করে। পরে জাবেদ আলী মাটিতে লুটিয়ে পড়লে দা দিয়ে জবাই করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় রহমত আলী স্থানীয় ইউপি চেয়ারম্যান রওশন আলীর কাছে আত্মসমর্পণ করে। নিহত জাবেদ আলী এলাকায় কাঠের ব্যবসা করতেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মোল্লা আটক রহমত আলীর বরাত দিয়ে জানান, রহমত আলীর স্ত্রী সঙ্গে জাবেদ আলীর পরকীয়া সম্পর্ক ছিল। এই ক্ষোভ থেকেই জাবেদ আলীকে খুন করেন রহমত আলী। জাবেদ আলীকে প্রথম রড দিয়ে মারধর এবং পরে জবাই করার কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


