স্টাফ রিপোর্টার
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেপমেন্ট-বিএজিডি’র আয়োজনে ও স্থানীয় সুশাসন কর্মসূচি-শরিকের সহযোগিতায় স্থানীয় সরকার ও শাসনে নারীর অধিকতর সম্পৃক্ততা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, নারী জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএজিডি’র গবেষক সেলিনা আজিজের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় সরকার ও শাসনে নারী অধিকার সম্পৃক্ততা বিষয়ে সভায় উপস্থিত বিভিন্ন জনের প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন বিএজিডির গবেষক ড. শাহনেয়াজ হোসেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম তালুকদার, শরিক কর্মসূচি মাঠ সমন্বয়ক এ এফ এম আমির উদ্দিন, গবেষণার মূল ফলাফল উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. শুচিতা শরমিন।
সভায় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ধর্মপাশা
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিকুর নাহার শিল্পী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম চৌধুরী, সুখাইর রাজাপুর ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহার মাস্টার, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, রফিনগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, তাড়ল ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, রাজনগর ইউনিয়ন পরিষদের সদস্যা র্অপনা সূত্রধর প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নারীরা তাঁদের উৎসাহ হারিয়ে ফেলেছেন। সাধারণ আসনে নারী প্রার্থী প্রায় নেই বললেই চলে এবং সংরক্ষিত আসনের জন্য প্রার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। নারীর অংশগ্রহণ শুধুমাত্র সংরক্ষিত আসনেই সীমাবদ্ধ নয়, নারীর জন্য আসন সংরক্ষিত করার পর সাধারণ আসনে অংশগ্রহণে নারীরা উৎসাহ বোধ করেন না।
বর্তমানে উপজেলা এবং ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে নারীদের ভূমিকা বিভিন্নভাবে বাধাগ্রস্ত ও অনেক এলাকায় নারীরা সাধারণ আসনে প্রতিদ্বন্দিতা করতে চাইলেও পুরুষ প্রতিদ্বন্দিদের কাছে হয়রানির শিকার হচ্ছেন। ’
বক্তারা আরো বলেন,‘স্থানীয় সরকারকে আরো বেশী করে শক্তিশালী করতে নারীর অধিকতর সম্পৃক্ততার বিকল্প নেই। তাই নারীদেরকে সংরক্ষিত আসনে না রেখে প্রতিটি আসনের পাশাপাশি একজন নারী জনপ্রতিনিধি রাখা প্রয়োজন। তবে নারী সমাজ এখনও রাজনীতি আগ্রহ প্রকাশ করেন না, জনপ্রতিনিধিত্ব করতে কাঙ্খিতভাবে এগিয়ে আসছেন না। নারীরা রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছেন না, পুরুষদের ন্যায় তারা রাজনৈতিক সুযোগ-সুবিধা বঞ্চিত থাকছেন। যারা রাজনীতি সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তারা সঠিক মূল্যায়ণ পাচ্ছেন না। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নারীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে। সমাজের নারীদের সচেতন করে গড়ে তুলতে হবে।’


