স্মৃতিচারণ-কমরেড বেঁচে থাকুন

শাহরিয়ার বিপ্লব
প্রিয় কমরেড,
আপনাকে যখন চিনি, তখন দেশ  গণতন্ত্রের দাবিতে উত্তাল। তারচেয়েও বেশি উত্তাল আমাদের সুনামগঞ্জ। ভাষান পানি আন্দোলনের দাবানল হাওরের বুকে। ভাটীর জলে তখন আগুন জ্বলে। নেতা ভাটী বাংলার কিংবদন্তী কৃষক নেতা কমরেড প্রসূন কান্তি বরুণ রায়। সাথে জেলার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও মুক্তিকামী জনতা। আমরা নতুন প্রাণ। রাজপথের নতুন মুখ। শ্লোগানের ভাষা বুকে আগুন ধরাতো। মিছিল আর আন্দোলন ছিলো প্রেয়সীর চেয়েও মধুর। অনেকের সাথে আমিও একদিন কারাগারে। আমি খুব জুনিয়র। শুধু আম্মার কথা মনে পড়ছিল।  তখন এই কমরেড আদর করে বলেছিলেন, দেশও তো মা। এক মা কাঁদছেন, আর এক মার বুকে আগুন জ্বলছে……দেশ মাতার কান্না থামাতে পারলে নিজের মায়ের মুখে হাসি ফুটবে। আরো অনেক অনেক সাস্তনা,উৎসাহ। শুধু আমি না সবাই যেন উদ্দীপ্ত হচ্ছিলেন।
বাড়ছে প্রেরণা। বুকে সাহস।  মনে বল। আবার চাংগা। মুষ্টিবদ্ধ হাত। কারাগার বিদীর্ন শ্লোগান। জ্বালো… জ্বালো…আগুন জ্বালো । আপনিই সেই কমরেড।  জহির উদ্দিন সোনা মিয়া।
পরে আরো একবার। তখন স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। কিন্তু ক্ষমতায় এলো বিএনপি। কি জানি কোন অভিমানে কিংবা লাল পতাকার কোন এক অমোঘ বিধানে আপনিও একদিন নাম লেখান সেই দলে। ১৯৯৩ সালের আগস্ট মাস। শোক দিবসের প্রোগ্রাম করতে গিয়ে আমাদেরই প্রিয় মানুষের প্রতিহিংসার অনলে জামালগঞ্জ থেকে গ্রেপ্তার হয়ে আবারো কারাগারে। আপনি দিরাই থেকে আমাকে জেলখানায় দেখতে এসেছিলেন। মামার বাড়ির স্নেহের আদর মাখা হাত বুলিয়ে বুকে সাহস দিয়েছিলেন। সেই ভালবাসার পরশ এখন আর কেউ দেয় না কমরেড। সেই শূন্যতা আমাদের বিপথে ধাবিত করে হামেশাই।
ভাসান পানির আন্দোলন, জেলেদের অধিকার আদায়ে নিজেই জেলে হয়ে হাওরের নৌকায় জাল গায়ে দিয়ে, ইটের বালিশ মাথায় দিয়ে, রাতের পর রাত কাটিয়ে শাল্লার ক্ষেতমজুরদের সংগঠিত করার চেষ্টা করেছিলেন যে কমরেড, সে তো আপনিই।
জেলখানার বন্দীদের সাথে কারা কর্তৃপক্ষের অমানবিক আচরণ ও দুর্নীতির প্রতিবাদে জেলখানাতেই প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন আপনি। কারাগারে পাগলা ঘণ্টি বাজিয়ে আপনাকে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে দমন করার চেষ্টা হয়েছিল। নির্যাতনের বর্বরতায় আপনার শরীর নেতিয়ে গিয়েছিল কিন্তু আপনাকে টলাতে পারেনি। আপনিই  সেই লাল কমরেড।
প্রিয় কমরেড,
লাল পতাকা আর বিপ্লবের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন বলেই পুঁজিবাদী রাজনীতির চরম দৈন্যতায়, বিশেষ করে ৯০ দশকের গ্লাস্তনস্ত আর পেরেস্ত্রইকা নীতির কারণে অনেকের মতো হয়তো আপনিও নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেছিলেন। কিন্তু পারেন নি।
প্রিয় কমরেড,
তাই তো গান আর কবিতায় নিজেকে সঁপে দিতে চেয়েছিলেন। কৃষক ক্ষেতমজুরদের কথা লোকগানের মাধ্যমে বলার চেষ্টা করেছেন। জীবনের দীক্ষা আপনাকে জীবন থেকে পালাতে দেয় নি। আপনার অনেক সাথীরা জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পুঁজিবাদের নীল রংএ নিজেদের রঙ্গিন ভাবার চেষ্টায় মত্ত গোটা দুনিয়া। কিন্তু আপনি থেকে গেলেন সর্বহারাদের গান কবিতা নিয়ে। পালাতেউ পারেন নাই প্রিয় কমরেড।
গত সপ্তাহে সিলেটে জামালগঞ্জ’র আরেকজন কমরেড অজিত দাকে দেখতে গিয়ে জানলাম আপনি অসুস্থ। ছুটে গিয়েছিলাম উইমেন্স হাসপাতালে। ততক্ষণে আপনি ঢাকার পথে। অবস্থা নাকি খুবই খারাপ। কিন্তু ঢাকায় এসে নাগরিক ব্যস্ততায় ভুলে যাই আপনাকে। আজ কাল করে করে ভুলেই গেলাম। আর যাওয়া হলো না।
গত বুধবার শুনি আপনি চলে গেলেন চিরতরে। হায়। বুকটা জমে গেল। এত স্বার্থপর?  এত আত্মকেন্দ্রীক হয়ে গেছি? সময় আমাকে এত বদলে দিল?? এত কাছে থেকেও দেখতে পারলাম না???
আমি আপনার দল করতাম না। তবুও আপনার ভালবাসায় সিক্ত ছিলাম। কিন্তু জেনেশুনেও আপনাকে শেষ দেখাটা দেখতে পারলাম না।  
ক্ষমা করবেন। অনেকেই আপনাকে আপনাদেরকে ভুলে গেছেন। আপনি কিন্তু সবাইকে বিশাল ক্ষমায় চলে গেছেন অসীমের পথে। আমাকেও না হয় সেভাবেই। আমার হৃদয়ে আপনি বেঁচে থাকবেন। অনেক অনেক দিন। কমরেড জহির উদ্দিন সোনা মিয়া। আপনাকে লাল সালাম।
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্রলীগ, সুনামগঞ্জ জেলা শাখা।