স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বৃহৎ হাওর হালি হাওরের নিচু এলাকার জমি বৃষ্টিপাতের পানি ও রাতলা স্লুইস গেইটের পানিতে তলিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই হাওরের তিন হাজার হেক্টর জমির মধ্যে কয়েক শত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যেতে পারে।
সোমবার বিকালে জামালগঞ্জ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ ও বেহেলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক জানিয়েছেন, বৃষ্টিপাত বন্ধ না হলে এবং হাওরের পানি সেচা না হলে অনেক ফসল নষ্ট হয়ে যাবে।
রাতলা স্লুইস গেইটের ফাঁক বন্ধ করার জন্য অনেক আগ থেকেই এলাকাবাসী দাবি জানালেও পাউবো কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ার গেইটের ফাঁক দিয়ে হাওরে পানি ঢোকা অব্যাহত রয়েছে। পানি ঢোকা বন্ধ করতে কোন উদ্যোগ নিচ্ছেন না পাউবো কর্তৃপক্ষ।
স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, রাতলা স্লইস গেইটের ফাঁক দিয়ে হাওরে পানি ঢোকা বন্ধ করতে পাউবোর নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে।
বেহেলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক বলেন,‘আমাদের হালির বাঁধের অবস্থা ভালই আছে। তবে বৃষ্টির পানি ও রাতলা স্লুইস গেইটের ফাঁক দিয়ে প্রতিদিনই পানি হাওরে ঢুকছে। বৃষ্টিপাত বন্ধ না হলে হাওরের মাঝ অংশের নিছু জমিগুলোর ধান পানিতে তলিয়ে ক্ষতি হবে। হাওরের পানি বড় সেচ পাম্প দিয়ে সেচা সম্ভব হলে ভাল হত। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যয়বহুল এই কাজ করা সম্ভব নয়।’
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন,‘রাতলা স্লইস গেইটের ফাঁক দিয়ে হালী হাওর পানি প্রবেশ করছে। গত কয়েকদিন ধরে পানি ঢুকছে। পাউবো কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে কৃষকদের সোনালী ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। হাওরের পানি দ্রুত নিষ্কাশন করতে না পারলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়বে। আজ আমরা কৃষকদের নিয়ে ফসল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করব। ’
হালী হাওরের দায়িত্বপ্রাপ্ত পাউবোর মাঠ কর্মকর্তা (এসও) আলী রেজা বলেন,‘স্লুইস গেইটের ফাঁক দিয়ে সামান্য একটু জায়গা দিয়ে পানি ঢুকত। সোমবার সকালেই আমরা বস্তা, ধাড়া ও কাঠ দিয়ে পানি ঢোকা বন্ধ করে দিয়েছি। এখন দ্রুত গতিতে আর পানি ঢুকছে। যেভাবে পানি ঢুকছে এতে ফসলের কোন ক্ষতি হবে না। হাওরের সকল বাঁধ ঝুঁকিমুক্ত আছে।’
স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন,‘ কোথাও কারো গাফিলাতিতে হাওরের বাঁধ ভেঙে কৃষকের বোরো ফসল অকালে পানিতে তলিয়ে যেতে যাবে না। সব হাওরের বাঁেধর খোঁজ খবর নিচ্ছি। আমি পাউবো কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। রাতলা স্লুইস গেইট দিয়ে পানি ঢোকা বন্ধ করতে পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলীর নির্দেশ দিয়েছি।’


