হাওরাঞ্চলের মানুষের ঈদে সাধ আছে, সাধ্য নেই

এমএ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের মানুষের ঈদে সাধ আছে, সাধ্য নেই। কারণ হিসেবে হাওরাঞ্চলের মানুষ জানিয়েছেন, এবছর হাওরের একমাত্র বোর ফসল আগাম পাহাড়ী ঢলে তলিয়ে যাওয়া ও তাহিরপুর সীমান্তের বড়ছড়া-চারাগাঁও-বাগলী শুল্কষ্টেশন দিয়ে হঠাৎ কয়লা আমদানী বন্ধ হয়ে যাওয়ায় তাদের দৈনন্দিন চলা এখন কষ্টকর হয়ে পড়েছে। এর মধ্যে পরিবার পরিজন নিয়ে কিভাবে ঈদ উদযাপন করবেন তা নিয়ে তাদের চিন্তার শেষ নেই। ইতিমধ্যে অনেকেই কাজের সন্ধানে এলাকা থেকে অন্যত্র চলে গেছেন। তারা যা রুজি রোজগার করে দিচ্ছেন তা দিয়ে কোনোরকম জীবিকা নির্বাহ করছেন।
ঈদের বাকি হাতেগুনা আর কয়েক দিন। উপজেলার হাওরাঞ্চলের বাজারগুলোতে এখনও তেমন ভিড় জমে উঠেনি। ঈদের বাজার করতে সবাইকে ব্যস্ত দেখা গেলেও পণ্যের দাম বেশী হওয়ায় আজ কিনব না কাল কিনব এই ভেবে সময় পার করছেন।
বিভিন্ন গ্রামে গিয়ে লক্ষ্য করা গেছে, হাওরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের ছেলে-মেয়েরা পরিবারের প্রধানদের কাছে বায়না ধরছে ঈদের বাজার করার জন্য। বাজারের দোকানগুলোতে পোশাকের যে দাম নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে। অনেকেই বাজার করতে গিয়ে বেশি দামে      কারণে বাজার না করেই ফিরে আসছেন খালি হাতে।
বাদাঘাট বাণিজ্যিক বাজার, তাহিরপুর সদর বাজার, বালিয়াঘাট নতুন বাজার, বড়ছড়া জয় বাংলা বাজার, শ্রীপুর বাজারসহ বেশ কয়টি বাজারে গিয়ে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, নিত্যপণ্যের জিনিস থেকে শুরু করে জামা, কাপড়, জুতা, স্যান্ডেল, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্যের দাম আকাশ ছোঁয়া। হাওর পাড়ের অনেকেই বলছেন, এবছর সময় মত বোরো ধান বন্যার কারণে তুলতে না পারায় এবার তাদের পরিবারের জন্য ঈদ বাজার মড়ার উপর খাঁড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে।
বালিয়াঘাট নতুন বাজারের সেন বস্ত্রালয়ের মালিক ভানু সেন বলেন, এখনও ঈদ বাজার জমে উঠেনি, গ্রামের বাজার সাধারনত  ঈদের  দুই/তিনদিন আগে জমে উঠে। তবে এবছর ঈদ বাজার জমে উঠবে কিনা সন্দেহ আছে।
উপজেলার বাণিজ্যি কেন্দ্র বাদাঘাট বাজার, তাহিরপুর সদর বাজার ও বালিয়াঘাট নতুন বাজারে গিয়ে দেখা যায়, এক দোকানের জিনিসের সাথে অন্য দোকানের কোনো জিনিসের দামের মিল নাই। ব্যবসায়ীরা হরেক রকমের জিনিষ নিয়ে দোকান সাজিয়ে বসে আছেন কিন্তু তেমন ক্রেতা নেই। আবার কোনো কোনো দোকানে ব্যবসায়ীরা ইচ্ছে মতো ক্রেতাদের কাছ থেকে জিনিসের দাম রাখছেন। অনেকেই অভিযোগ করেছেন ব্যবসায়ীরা দাম নিয়ে প্রতারণা করছেন ক্রেতাদের সাথে।