স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার হাওরের বোর ফসল অতিদ্রুত কাটার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পাউরো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র উল্লেখ করে সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ে মেঘালয় ও বরাক অববাহিকায় ১৫০-২৫০ মি.মি এবং ত্রিপুরা অববাহিকায় ১০০-১২০ মি.মি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরেও উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে সুনামগঞ্জ ও সিলেট জেলার হাওর অঞ্চলের প্রধান নদী সমূহের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। কোন কোন স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এজন্য সুনামগঞ্জ জেলার হাওরের বোর ফসল অতিদ্রুত কাটার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ডুবন্ত বাঁধের কাজ বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট পিআইসি সহ সকলকে নিজ অধিক্ষেত্রে অবস্থানপূর্বক বাঁধের নিবিড় মনিটরিং জোরদার করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব ঝুঁকিপূর্ণ ক্লোজার পয়েন্ট রয়েছে সেসব স্থানে সংশ্লিষ্ট পিআইসিদের উপস্থিতি ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে হবে। বাঁধের কোন ধরনের ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিলে বা ভেঙ্গে গেলে তাৎক্ষণিক মেরামত করতে হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বাপাউবো নির্বাহী প্রকৌশলী ১ ও ২ কে জানাতে হবে।


