হাওরের গল্প

        মোহাম্মদ আলী খান

ভালোবাসি পলিমাটি, জলভরা মেঘ, অঝোর ধারার বৃষ্টি
ভালোবাসি সোনারঙা ধান, ফসলের ঘ্রাণ,
ভালোবাসি ঘন সবুজের মায়া, করচ বাগের ছায়া
ভালোবাসি নদী, হাওরের ঢেউ, ফিনিক ফোটানো জোৎ¯œা
ভালোবাসি আরো বেশি, মরমি গানের অনুপম সুরের মূর্ছনা,
ভালোবাসি সুনামগঞ্জের মাটি কাদা জলে আঁকা হৃদয়ের আল্পনা।

ভালো নেই তবু মাছ পাখি ধানক্ষেত তরুলতা
ভালো নেই ঘাসফুল লজ্জাবতী লতা করচ গাছের পাতা
ভালো নেই বাঁশি তানপুরা একতারা
ভালো নেই তাই সুনামগঞ্জের আকাশের শুকতারা।

হঠাৎ নেমেছে ঢল, ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজেছে ভূমি
ভেঙ্গে গেছে বাঁধ, ভেসে গেছে স্বপ্ন, ফসলের জমি
প্রকৃতি মানুষে এ কি লীলাখেলা
কিষাণ কিষাণী ঘিরে হবে আর কত ছেলেখেলা?

বজ্রপাতে পুড়ে যাক আছে যত মন্দ আর কালো
চাই আলো, আরো আলো, আরো আলো।

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার
সুনামগঞ্জ
০৭.০৫.২০১৭