সু.খবর ডেস্ক
হাওর অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও বেড়ি বাঁধের স্থায়ী সমাধানের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন পালিত হয়েছে। বুধবার বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ‘সুনামগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন’ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রধান চালিকাশক্তি কৃষক। আর সম্প্রতি কিছু অসাধু কর্মকর্তার অব্যবস্থাপনা ও হেয়ালীপনার জন্য আজ এ কৃষকদের বাঁচা-মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবারের ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
মানববন্ধনের উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাকির খাঁন, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমেদ, সাধারণ সম্পাদক কয়েস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নিউটন চন্দ্র দাশ, তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত সরকার, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন মোস্তাকিম আহমেদ মোস্তাক, মো. শাহীন আলম,আলী আজম প্রমুখ।


