হাওরে নৌকাডুবিতে জেলে নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে এক জেলে নিহত হয়েছে। নিহতের নাম শরিফ উদ্দিন (৪০), তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ফয়জুল ইসলামের ছেলে। নিহত শরিফের স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নৌকায় থাকা অপর জেলে লোকমান হোসেন (৪৮) কে আহত অবস্থায় সোমবার সকালে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লোকমান হোসেন একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। রবিবার গভীর রাতে মাহমুদপুর গ্রামের কাছের কুড়ালিয়া হাওরে এই নৌকাডুবি ও হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, মাহমুদপুর গ্রামের প্রতিবেশী দুই জেলে শরিফ উদ্দিন ও লোকমান হোসেন এক নৌকায় মাছ ধরেন। প্রতিদিনের ন্যায় তারা রবিবার রাতে বাড়ির পাশের কুড়ালিয়া হাওরে মাছ ধরতে যায়। গভীর রাতে ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এসময় শরিফ উদ্দিন একটি বৈঠায় ধরে ভেসে থাকার চেষ্টা করলে ঢেউয়ের আঘাতে পানির নিচে ডুবে যায়। তবে লোকমান হোসেন নৌকায় থাকা একটি লম্বা বাঁশ হাওরে পুঁতে সেটাতে আঁকড়ে ধরে থাকেন। সোমবার সকালে গ্রামের অন্য জেলেরা লোকমান হোসেনকে বাঁশে ধরে আটকে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে হাওর থেকে নিখোঁজ শরিফ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুল নাসের বলেন,‘ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে এক জেলের মৃত্যু হয়েছে। হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার ও স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’