হাওরে ফসলরক্ষা বাঁধ নিয়ে লুকোচুরি

বিন্দু তালুকদার
আর মাত্র কয়েক দিন পরই হাওরে ধান বের হওয়া শুরু হবে। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। গত সপ্তাহে কিছু বৃষ্টিপাত হয়েছে। নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ এখনও শেষ হয়নি। কাজ কবে শেষ হবে তা হাওরবাসী জানেন না। এছাড়া অভিযোগ উঠেছে, কোথায় কী কাজ হচ্ছে, কোন বাঁধ কতফুট লম্বা, কত ফুট প্রস্থ, উচ্চতা কত সেসম্পর্কে কেউ কিছু জানেন না। বাঁধের প্রকল্প বরাদ্দ কত টাকা তাও জানা নেই কারোর।
এসব বিষয় জানেন শুধু প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) সভাপতি, ঠিকাদার ও পাউবো কর্তৃপক্ষ। হাওর পাড়ের উপকারভোগীরা জানিয়েছেন পাউবো কর্তৃপক্ষ  বাঁধ নির্মাণ নিয়ে লুকোচুরি করছেন।
সম্প্রতি মধ্যনগর ও তাহিরপুর থানার মধ্যবর্তী গোরমার হাওর বেরি বাঁধ পরিদর্শন করে কয়েক কিলোমিটার এলাকার কোথাও কাজের নির্দেশনার একটি সাইনবোর্ডও পাওয়া যায়নি। কৃষকরা জানিয়েছেন, দুর্গম এসব হাওরে স্থানীয় লোকজনের যাওয়ার কোন সুযোগ না থাকায় ইচ্ছেখুশি কাজ করে যাচ্ছেন ঠিকাদারের লোকজন। বালি মাটি দিয়ে দায়সারা গোছের কাজ করছেন ঠিকাদারের নিয়োজিত শ্রমিক। মেশিন দিয়ে বাঁেধ মাটি দেয়া হচ্ছে।
এনিয়ে গত সপ্তাহে তাহিরপুর উপজেলা পরিষদের এক সভায় পাউবো কর্মকর্তাদের উপস্থিতেই হাওর সংশ্লিষ্ট লোকজন বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি ও সঠিকভাবে বাঁধ নির্মাণ হচ্ছে না বলে অভিযোগ করেছেন।
গোরমার হাওর পাড়ের একাধিক কৃষক জানিয়েছেন, এই হাওরটি মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ও জেলা সদর থেকে অনেক দূরে ও যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকা হওয়ায় সঠিকভাবে তদারকি করতে কেউ যান না। ঠিকাদার যা ভাল মনে করেন সেভাবেই কাজ করেন।
গোরমার হাওর পাড়ের বাসিন্দা বিশারা গ্রামের কৃষক হরলাল তালুকদার বলেন,‘হাওরের বেরী বাঁধের কাজ মাত্র শুরু হয়েছে। আরো অনেক দিন লাগবে কাজ শেষ হতে। ’
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর  গ্রামের কৃষক রতন মিয়া বলেন,‘ ফাউস্সা হাওরে মাত্র ২৫ ভাগ কাজ হয়েছে। গত ১৫ দিন ধরে আমাদের গ্রামের কাছের কাজ বন্ধ হয়ে আছে। এখনও ৭৫ ভাগ বাকী আছে। ’
তাহিরপুর উপজেলার শনির হাওর উন্নয়ন কমিটির সম্পাদক নূরুল আমিন বলেন,‘ হাওরের কাজ মাত্র অর্ধেক হয়েছে। সাইনবোর্ড ছাড়াই সকল হাওরের কাজ চলছে। কোথাও কী ধরনের কাজ হওয়ার কথা তা আমরা জানি না। প্রকল্পের বরাদ্দ কত টাকা হাওরপাড়ের কেউ জানেন না। আমরা দ্রুত সাইনবোর্ড সংযুক্ত করে সঠিকভাবে কাজ করার জন্য পাউবো কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি।’
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল হক বলেন,‘হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজের খোঁজ খবর নিচ্ছি। কাজ এখনও শেষ হয়নি। দ্রুত কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের বলেছি। তারা জানিয়েছেন ৫০ ভাগ কাজ হয়েছে।’ তিনি আরো বলেন,‘ এসব কাজের প্রকল্প বাছাই ও অর্থ ছাড়ের বিষয়ে আমাদেরকে কোন কিছুই অবগত করা হয়নি। হাওরবাসীর স্বার্থে ও নিজের দায়বদ্ধতায় আমরা বাঁধের খোঁজ খবর নিচ্ছি। ’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন,‘হাওর পরিদর্শন করেছি। দু’একটি প্রকল্পে সাইনবোর্ড পেলেও অধিকাংশ প্রকল্পের কাছে সাইনবোর্ড পাওয়া যায়নি। এতে পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতি রয়েছে। সাইনবোর্ড লাগানোর জন্য পিআইসির সভাপতিকে বাধ্য করতে বলা হয়েছে। কিছ কিছু জায়গায় বাঁেধর কাছ থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য পাউবো কর্তৃপক্ষকে বলছি। সময় চলে গেলেও কাজ শেষ হয়নি, আরো সপ্তাহ খানেক লাগবে কাজ হতে।’
পাউবোর মধ্যনগর এলাকার শাখা কর্মকর্তা আলী রেজা বলেন,‘আমরা যখন বাঁধে যাই তখন সাইনবোর্ড পাই। হয়তো এর পর তুলে নেয়া হয়। ঠিকাদারের কাছে কোন সাইনবোর্ড দেয়া থাকে না। মাটি কাটার মেশিন বন্ধ থাকায় ফাউস্সা এলাকায় কয়েকদিন কাজ বন্ধ ছিল। মেশিন ঠিক হয়েছে এখন কাজ চলছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কাজের সময়সীমা বাড়ানো হয়েছে। আমরা এর আগেই সব বাঁধের কাজ শেষ করে ফেলব।’
পাউবোর তাহিরপুর হাওর অঞ্চলের শাখা কর্মকর্তা শাহ আলম বলেন,‘কাজ শেষ হয়নি শেষ হলে হাওরে গিয়ে দেখবেন সঠিকভাবে হয়েছে কি না। সাইনবোর্ড লাগাতে পিআইসিদের গাফিলতি রয়েছে, সাইন বোর্ড লাগানো হচ্ছে। ’