হাওরে বাঁধ ভেঙে ফসলহানি- সিলেট ও সুনামগঞ্জে ১২ দফা দাবিতে সমাবেশ

সু.খবর ডেস্ক
সুনামগঞ্জসহ হাওরে ফসলডুবির জন্য দায়ী পাউবোর প্রকৌশলী, কর্মকর্তা ও ঠিকাদারদের গ্রেপ্তার; হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রকাশসহ ১২ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখা। ৯ জুলাই থেকে সিলেটে গণস্বাক্ষর সংগ্রহের টানা এক সপ্তাহ কর্মসূচি পালনের পর গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়। এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বাসদ সিলেট জেলা শাখার সদস্য সুশান্ত সিনহার সভাপতিত্বে সমাবেশে জেলা সদস্য মোখলেছুর রহমান, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন জেলার সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ বক্তব্য দেন। পরে জেলা বাসদের সদস্য আইনজীবী হুমায়ুন রশীদের নেতৃত্বে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।
স্মারকলিপিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও দুদকের মামলার আসামিদের গ্রেপ্তার দাবি ছাড়াও হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, সরকারি কৃষিঋণ মওকুফ, এনজিও ঋণ ও মহাজনী ঋণ উত্তোলন দুই বছরের জন্য স্থগিত করে সব সুদ মওকুফ, বিনা সুদে কৃষিঋণ দেওয়া, শস্যবিমা চালু, বিনা মূল্যে কৃষি উপকরণ দেওয়া, জলমহালের ইজারা প্রথা বাতিল করে চলতি বছর কৃষকদের মাছ ধরার অধিকার দেওয়া, সারা বছর রেশন চালু, ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের যেকোনো স্তরে ভর্তি ফি ও পরীক্ষা ফি, মাসিক বেতন মওকুফ করা এবং হাওর গবেষণা ইনস্টিটিউট চালুর দাবি জানানো হয়।
সুনামগঞ্জের ১৫৪টি হাওরে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় গত ২ জুলাই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাঁচ প্রকৌশলীসহ ৬১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলা দায়েরের পরই দুদক পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীন ও এক ঠিকাদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।
গতকাল দুপুরে ১২ দফা দাবিতে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় বাসদ (মার্কসবাদী)।
সমাবেশে বক্তারা বলেন, হাওর এলাকার মানুষ একমাত্র ফসল হারিয়ে অহসায় হয়ে পড়েছে। তাদের বাঁচাতে এই ১২ দফা বাস্তবায়ন করতে হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন বাসদের সিলেট জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল রায়, সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার নেতা রুবেল মিয়া, বাসদের সুনামগঞ্জ জেলার সংগঠক আল আমিন প্রমুখ।