স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ডুবে যাওয়া শনি হাওর পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ। এমপি মোয়াজ্জেম হোসেন রতন নির্বাচনী এলাকার ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর দিনভর পরিদর্শন করেন।
বিভাগীয় কমিশনার ডুবে যাওয়া শনি হাওর পরিদর্শন করে। হাওর পরিদর্শন শেষে তিনি বুধবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
কৃষক ও জনপ্রতিনিধিদের কাছ থেকে শনির হাওর পাড়ের কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ ও বাঁধ নির্মাণ কাজের ত্রুটি-বিচ্যুতির কথা শুনেন। মতবিনিময় সভাচলাকালে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রী মহোদয়ের সাথে মুঠোফোনে কথা বলেন এবং শনির হাওর পাড়ের কৃষকদের ফসলের ক্ষয়-ক্ষতি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন । তিনি শনির হাওর ডুবিতে ২৫০ কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে পানিসম্পদ মন্ত্রীকে জানান। ভবিষ্যতে কিভাবে হাওরগুলো রক্ষা করা যায় সে বিষয়ে কৃষক ও স্থানীয় প্রশাসন এর পরামর্শমূলক বক্তব্য শুনেন তিনি।
গত সোমবার রাতে শনির হাওরে ঝালখালি ও লালুর গোয়ালা বাঁধ পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার নির্মিত হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে ১২ হাজার হেক্টর বোর ফসলি জমির ধান সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়।
এতে প্রায় ২৫০ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহেদুল হক, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসনে রতন বুধবার দিনভর তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলার ডুবে যাওয়া ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরগুলো সরজমিনে ঘুরে দেখেন।
হাওর পরিদর্শন শেষে দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি কৃষকদের দুরবস্থা দেখে সহমর্মিতা প্রকাশ করেন। সেই সাথে দুর্নীতিবাজ ঠিকাদার ও পিআইসিদের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য পাউবো সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি নুরুল আমিন, ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,আওয়ামী লীগ দলীয় নেতা রঞ্জু মুখার্জি, হাফিজ উদ্দিন, অনুপম রায় প্রমুখ।


