হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি- ঢাকা বিমান বন্দরে চপল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক খায়রুল হুদা চপলকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাওর দুর্নীতির দায়ে গত ২ জুলাই দুদক’র সহকারী পরিচালক ফারুক আহমদ বাদী হয়ে ৪৫ ঠিকাদার, একজন সহযোগি এবং ১৫ জন পাউবো কর্মকর্তাকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় মামলা (নম্বর- ২) দায়ের করেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মামলার আসামী খায়রুল হুদা চপলকে গ্রেপ্তার করা হয়। খায়রুল হুদা চপল ঠিকাদারি প্রতিষ্ঠান নূর ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী। এ নিয়ে দুদকের মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হল। মামলা দায়েরের দিনই পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীন এবং মেসার্স ইব্রাহিম  ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাচ্চু মিয়াকে ঢাকার মতিঝিল থেকে গ্রেপ্তার করা হয়।
হাওর রক্ষা বাঁধ দুর্নীতি’র তদন্তকারী দলের প্রধান দুদক’র সহকারী পরিচালক বেলাল হোসেন বুধবার দুপুরে এ প্রতিবেদককে বলেছেন, ‘যত দ্রুত সম্ভব (বুধবারের মধ্যেই) মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে খায়রুল হুদা চপলকে হাজির করে সুনামগঞ্জে স্থানান্তরের জন্য আবেদন জানানো হবে।’   মঙ্গলবার রাতে ঢাকা’র হযরত শাহ্জালাল (র.) বিমান বন্দর থেকে গ্রেপ্তারকৃত খায়রুল হুদা চপল জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের ছোট ভাই। ২ বছর আগে  জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পান তিনি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন বিদেশ (সিঙ্গাপুর) যাওয়ার চেষ্টাকালে রাত পৌনে ১২ টার দিকে বিমান বন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাহায্যে খায়রুল হুদা চপলকে গ্রেপ্তার করা হয়। এপিবিএন পুলিশই তাকে গ্রেপ্তার করে। পরে দুদকে সোপর্দ করে।
এর আগে গত ২ রা জুলাই আসামিদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, বন্যা আসার সময় ও আশঙ্কা সম্পর্কে অবহিত থাকার পরও পাউবো কর্মকর্তাদের যোগসাজশে মৌলিক চুক্তি ভঙ্গ করেছেন ঠিকাদাররা। ওই চুক্তিতে ২০১৫-২০১৬ অর্থ বছরের অসমাপ্ত ৮৪ টি প্যাকেজের বাঁধ নির্মাণ শেষ করতে ঠিকাদারদের অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে পরে আরেকবার দরপত্র আহ্বান না করে ২০১৬-২০১৭ অর্থ বছরে আগের ঠিকাদারদেরই ১৬০টি প্যাকেজে নতুন কাজ দেওয়া হয়। নতুন প্যাকেজের মধ্যে নয়টির কাজ শুরু না করে এবং ১৫১টি প্যাকেজের কাজ আংশিক সম্পন্ন করার মাধ্যমে অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে ভবিষ্যতে প্রকল্পের টাকা আত্মসাত করার সুযোগ সৃষ্টি করেছেন আসামিরা। এসব কারণে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দ-বিধির ৪০৯, ১৬৬, ৫১১ ও ১০৯ ধারায় এই মামলা করা হয়েছে বলে দুদক উপ-পরিচালক প্রণব কুমার জানিয়েছেন।
অন্যদিকে, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক বাদী হয়ে গত ৩ আগস্ট আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় ১৪০ জনকে। যার মধ্যে ঠিকাদার ৪৬ জন। এ মামলায় ঠিকাদার খায়রুল হুদা চপলও একজন আসামি।
মামলায় অভিযোগ করা হয়, ঠিকাদাররা ৮৪টি প্যাকেজের কাজ দরপত্রের শর্ত মোতাবেক সম্পন্ন করেননি। শুধু চলতি বছর নয়, আগের বছরেও তারা একই কাজ করেছেন। পাউবো কর্মকর্তারা এ কাজে সহযোগিতা করেছেন। এর মাধ্যমে তারা অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তদন্তকালে এদের অবৈধ স¤পদ জব্দ করার আবেদনও জানানো হয় এজাহারে।
বিচারক মো. মুজিবুর রহমান তা গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণ না হওয়ায় গত এপ্রিলে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪ টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষকগণসহ কৃষক সংগঠনের দাবি, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই জনপদেও কৃষকরা শতাব্দী কালেও এতো বেশি ক্ষতির মধ্যে পড়েননি।
হাওরে ফসলহানির পর ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর দুদক গত ১৩ এপ্রিল হাওরের ফসলহানি ও বাঁধ নির্মাণে অনিয়মের তদন্তে নামে। দুদকের পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে দুদকের কর্মকর্তা সেলিনা মনি, প্রকৌশলী আব্দুর রহিম সরেজমিনে সুনামগঞ্জে অনুসন্ধান কাজ করেন। এসময় গণমাধ্যম কর্মী, কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, আইনজীবী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শেণি পেশার মানুষের সঙ্গে কথা বলেন , অনেকের লিখিত বক্তব্যও সংগ্রহ করেন তারা।
এরপর ১৫ এপ্রিল পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিনকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়।
১৭ এপ্রিল রাষ্ট্রপতি আব্দুল হামিদ লো-ফ্লাই করে ফসল ডুবে যাওয়া হাওর পরিদর্শন শেষে মানুষের দুর্দশা দেখতে সুনামগঞ্জে আসেন।
৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের কষ্ট দেখতে এবং সমবেদনা জানাতে শাল্লায় আসেন এবং সেখানকার দুর্দশাগ্রস্ত মানুষের উদ্দেশ্যে বলেন,‘হাওর দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।’
২ মে পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল)  মো. আবদুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম  সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২ রা জুন দুদকের মামলায়ও এই তিন প্রকৌশলীসহ পাউবো’র ১৫ প্রকৌশলী এবং ঠিকাদারসহ ৬১ জন আসামি করে দুদক।